November 14, 2026
রাজ্য

মালদহ মেডিক্যালে নজরদারির দল, ক্ষুব্ধ চিকিৎসকরা

সংবাদ কলকাতা: সরকারি হাসপাতালের প্রশাসনিক কাজকর্ম ও রোগী পরিষেবার উপর নজরদারি চালাতে এবার বিশেষ দল গঠন করল মালদহ জেলা প্রশাসন। মালদহ মেডিক্যাল কলেজে সপ্তাহের নির্দিষ্ট চার দিন চার জন প্রশাসনিক আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতি বুধবার অতিরিক্ত জেলাশাসক (স্বাস্থ্য) হাসপাতাল পরিদর্শন করবেন। এই মর্মে জেলাশাসক রাজনবীর সিংহ কপূরের স্বাক্ষরিত নির্দেশিকা জারি হয়েছে। তবে জেলা প্রশাসনের এই সিদ্ধান্ত ঘিরে চিকিৎসক মহলে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। তাঁদের একাংশের অভিযোগ, মেডিক্যাল কলেজের প্রশাসনিক কাজে এ ভাবে জেলা প্রশাসনের নজরদারি স্বাস্থ্য দপ্তরের এক্তিয়ারে হস্তক্ষেপের শামিল।

গত শুক্রবার মালদহের জেলাশাসকের কার্যালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের তরফে ৭১৫ নম্বর মেমো জারি করা হয়। তাতে বলা হয়েছে, জনস্বার্থে মালদহ মেডিক্যাল কলেজের প্রশাসনিক কাজকর্ম এবং রোগী পরিষেবার বিভিন্ন দিক খতিয়ে দেখতে চার জন আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার নজরদারির দায়িত্বে থাকবেন ডব্লিউবিসিএস আধিকারিক রানি ভট্টাচার্য। মঙ্গলবার দায়িত্ব সামলাবেন রেনজি লামু শেরপা। বৃহস্পতিবার ও শুক্রবার দায়িত্ব পালন করবেন শ্রেয়সী মাইতি এবং স্বাতী চক্রবর্তী। প্রতিদিনের পরিদর্শনের রিপোর্ট অতিরিক্ত জেলাশাসক (স্বাস্থ্য)-এর কাছে জমা দিতে হবে। এ ছাড়া প্রতি বুধবার তিনি নিজে মেডিক্যাল কলেজ পরিদর্শন করবেন।

এই নির্দেশিকা প্রকাশ্যে আসতেই সরকারি স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত চিকিৎসকদের মধ্যে বিতর্ক শুরু হয়েছে। চিকিৎসকদের বক্তব্য, মেডিক্যাল কলেজের প্রশাসনিক দায়িত্ব মূলত অধ্যক্ষের। তাঁর সহযোগী হিসেবে উপাধ্যক্ষ হাসপাতালের পরিষেবা ও প্রশাসনিক কাজকর্মের বিভিন্ন দিক দেখভাল করেন। কোনও সমস্যা বা অনিয়ম সামনে এলে তা খতিয়ে দেখার দায়িত্ব স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্য ভবনের। সে ক্ষেত্রে জেলা প্রশাসনের আধিকারিকদের দিয়ে নিয়মিত নজরদারি চালানোর সিদ্ধান্ত কেন নেওয়া হল, সেই প্রশ্ন তুলেছেন তাঁরা।

অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর্সের সম্পাদক উৎপল বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তাঁর বক্তব্য, স্বাস্থ্য প্রশাসনের নির্দিষ্ট কাঠামো রয়েছে। সেই কাঠামোকে পাশ কাটিয়ে জেলা প্রশাসনের এই ধরনের নির্দেশিকা জারি করা ঠিক নয়। মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও উপাচার্যদের কাজকর্মের উপর নজরদারি কে করবে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর মতে, হাসপাতালের পরিষেবা নিয়ে নজরদারির দায়িত্ব স্বাস্থ্য ভবনের, জেলা প্রশাসনের নয়।

একই সুর শোনা গিয়েছে মেডিক্যাল সার্ভিস সেন্টারের রাজ্য সম্পাদক বিপ্লব চন্দ্রের বক্তব্যেও। তিনি এই পদক্ষেপকে স্বাস্থ্য প্রশাসনের উপর অনাস্থা প্রকাশের সমান বলে মন্তব্য করেছেন। তাঁর অভিযোগ, প্রশাসনিক আধিকারিকদের দিয়ে সমান্তরাল নজরদারি ব্যবস্থা তৈরি করলে হাসপাতালের পরিষেবার উন্নতি না-ও হতে পারে। বরং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে অস্বস্তি বাড়তে পারে।

কেন হঠাৎ এই নজরদারির সিদ্ধান্ত, তা নিয়ে মালদহ মেডিক্যাল কলেজ সূত্রে উঠে এসেছে সাম্প্রতিক কয়েকটি ঘটনা। কিছু দিন আগে হাসপাতালের শিশুবিভাগে অপরিচ্ছন্ন পরিবেশের একটি ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই পোস্টে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও উল্লেখ করা হয়েছিল। বিষয়টি সামনে আসার পর স্বাস্থ্য ভবনের তরফে মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায়ের কাছে ব্যাখ্যা চাওয়া হয়। অধ্যক্ষ ইতিমধ্যেই এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট জমা দিয়েছেন বলে জানা গিয়েছে।


এ ছাড়াও হাসপাতালের ১৭৭ জন চুক্তিভিত্তিক কর্মী গত দু’মাস ধরে বেতন পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থার গাফিলতির কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি কর্মীদের। বিষয়টি স্বাস্থ্য ভবনকেও জানানো হয়েছে বলে মেডিক্যাল কলেজ সূত্রে খবর। এই পরিস্থিতিতে জেলা প্রশাসনের নজরদারি দল গঠনের সিদ্ধান্ত নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে চাননি। তবে এই সিদ্ধান্ত ঘিরে চিকিৎসকদের মধ্যে যে অসন্তোষ তৈরি হয়েছে, তা তিনি স্বীকার করেছেন।

অন্যদিকে, জেলা প্রশাসনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, পরিদর্শনের বিষয়টি নিয়ে জেলা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও জারি হওয়া নির্দেশিকায় স্পষ্ট উল্লেখ রয়েছে, বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকেই সিদ্ধান্ত কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তা বলবৎ থাকবে।

ফলে মালদহ মেডিক্যাল কলেজে জেলা প্রশাসনের এই নজরদারি ব্যবস্থা শেষ পর্যন্ত কীভাবে কার্যকর হয়, তা নিয়ে এখন স্বাস্থ্য প্রশাসন ও চিকিৎসক মহলে কৌতূহল তৈরি হয়েছে।

Related posts

Leave a Comment