নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর— উত্তরবঙ্গে উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে রায়গঞ্জে সর্বভারতীয় আয়ুর্বিজ্ঞান প্রতিষ্ঠান (এমস) গড়ার প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে পাঠাল রাজ্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই বৃহস্পতিবার রাতে নবান্ন থেকে দিল্লিতে চিঠি পাঠানো হয়েছে। রাজ্যের মুখ্যসচিব মনোজ অগ্রবাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সচিব পুণ্য সলিলা শ্রীবাস্তবকে চিঠি দিয়ে জানিয়েছেন, প্রস্তাবিত হাসপাতালের জন্য রায়গঞ্জে প্রায় ১৮০ একর জমি চিহ্নিত করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রায়গঞ্জের কর্ণজোড়ায় তিস্তা ময়দানে এক সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেছিলেন। তিনি জানান, রায়গঞ্জের দিকনগর এলাকায় এমস তৈরির জন্য কেন্দ্রের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠাবে রাজ্য সরকার। উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণের লক্ষ্যে এই উদ্যোগ বলে জানান তিনি। ভোটের আগে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতিতেও উত্তরবঙ্গে এমস তৈরির কথা ছিল।
মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই প্রশাসনিক স্তরে পদক্ষেপ করে নবান্ন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে পাঠানো চিঠিতে মুখ্যসচিব জানিয়েছেন, রায়গঞ্জে চিহ্নিত জমির বিস্তারিত তথ্য কেন্দ্রকে দেওয়া হবে। প্রস্তাবিত জায়গাটি এমস তৈরির উপযুক্ত কি না, তা খতিয়ে দেখতে কেন্দ্রীয় বিশেষজ্ঞ দল পরিদর্শনে এলে রাজ্য সব রকম সহযোগিতা করবে। পাশাপাশি, প্রকল্পের প্রাথমিক প্রস্তুতি ও পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়াতেও সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।
চিঠিতে রাজ্যের তরফে জানানো হয়েছে, রায়গঞ্জে এমস তৈরি হলে শুধু উত্তরবঙ্গ নয়, সংলগ্ন উত্তর বিহার এবং উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকার মানুষ উপকৃত হবেন। উন্নত ও বিশেষায়িত চিকিৎসার জন্য রোগীদের আর দূরের শহরে ছুটতে হবে না। একই সঙ্গে চিকিৎসা শিক্ষা, প্রশিক্ষণ এবং গবেষণার সুযোগও বাড়বে। প্রস্তাবটি অগ্রাধিকারের ভিত্তিতে খতিয়ে দেখে দ্রুত জমির উপযুক্ততা যাচাই করার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছে রাজ্য।

রায়গঞ্জে এমসের পাশাপাশি জলপাইগুড়িতে পূর্ণাঙ্গ ক্যানসার হাসপাতাল তৈরির কথাও ঘোষণা করেছেন শুভেন্দু। তাঁর বক্তব্য, উত্তরবঙ্গের কোনও জেলাকেই উন্নত স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত রাখা হবে না। জলপাইগুড়িতে ক্যানসার চিকিৎসার জন্য আধুনিক হাসপাতাল তৈরি হলে ওই অঞ্চলের রোগীদেরও চিকিৎসার জন্য কলকাতা বা অন্য রাজ্যে যাওয়ার প্রয়োজন অনেকটাই কমবে।
উল্লেখ্য, বর্তমানে পশ্চিমবঙ্গে নদিয়ার কল্যাণীতে একটি এমস চালু রয়েছে। রায়গঞ্জে নতুন প্রতিষ্ঠান তৈরির প্রস্তাব বাস্তবায়িত হলে রাজ্যে দ্বিতীয় এমস গড়ার পথ খুলতে পারে। তবে রাজ্যের প্রস্তাব পাঠানোই চূড়ান্ত অনুমোদন নয়। জমির উপযুক্ততা যাচাই, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সম্মতি এবং পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরেই প্রকল্পের বাস্তবায়নের দিশা স্পষ্ট হবে।
