28 C
Kolkata
October 30, 2026
রাজ্য

স্বাস্থ্যসাথী-আয়ুষ্মান কার্ড জমার সময় বাড়ল

সংবাদ কলকাতা: পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের আওতায় থাকা সরকারি কর্মী, পেনশনভোগী এবং তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান ভারত কার্ড জমা দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য সরকার। আগে ৩১ অক্টোবরের মধ্যে কার্ড জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। নতুন নির্দেশিকা অনুযায়ী, সেই সময়সীমা বাড়িয়ে ৩০ নভেম্বর করা হয়েছে। ফলে নির্ধারিত প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য আরও এক মাস সময় পাবেন সংশ্লিষ্ট সুবিধাভোগীরা।

রাজ্যের অর্থ দফতর সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্প বা ডব্লিউবিএইচএসের আওতায় থাকা যেসব সরকারি কর্মী ও পেনশনভোগীর কাছে স্বাস্থ্যসাথী অথবা আয়ুষ্মান ভারত কার্ড রয়েছে, তাঁদের সেই কার্ড জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সরকারের কাছ থেকে চিকিৎসা সংক্রান্ত ভাতা নেওয়ার পাশাপাশি অন্য স্বাস্থ্যবিমা প্রকল্পের সুবিধা নেওয়ার বিষয়টি এড়াতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

তবে ৩১ অক্টোবরের মধ্যে কার্ড জমা দেওয়ার প্রক্রিয়া শেষ করতে গিয়ে সমস্যায় পড়েন বহু সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মচারী। নির্ধারিত সময়ের মধ্যে কার্ড ফেরত দেওয়া এবং প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার কাজ সম্পূর্ণ না হওয়ায় সময়সীমা বাড়ানোর প্রয়োজন দেখা দেয়। সেই পরিস্থিতিতে ৩০ অক্টোবর নতুন নির্দেশিকা জারি করে অর্থ দফতর।


নতুন নির্দেশ অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মী ও পেনশনভোগীদের শুধু স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান ভারত কার্ড জমা দিলেই হবে না। তার সঙ্গে নির্ধারিত ঘোষণাপত্র এবং কার্ড জমা দেওয়ার প্রমাণও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পেশ করতে হবে।

এই নির্দেশের আওতায় রয়েছেন রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী, সর্বভারতীয় পরিষেবার আধিকারিক এবং পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের নথিভুক্ত সুবিধাভোগীরা। তাঁদের পরিবারের সদস্যদের কাছেও এই দুই প্রকল্পের কোনও কার্ড থাকলে তা নির্ধারিত নিয়ম মেনে জমা দিতে হবে।

কার্ড জমার প্রক্রিয়া যাতে নতুন সময়সীমার মধ্যে সম্পূর্ণ হয়, তার জন্য সমস্ত সরকারি দপ্তরের প্রধান, ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার এবং পেনশন মঞ্জুরকারী কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যপালের অনুমোদনক্রমে এই সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

তবে সময়সীমা বাড়লেও আগের নির্দেশিকার অন্যান্য শর্তে কোনও পরিবর্তন করা হয়নি। অর্থ দফতরের ৯ অক্টোবরের নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছিল, নির্ধারিত সময়ের মধ্যে কার্ড ও ঘোষণাপত্র জমা না দিলে সংশ্লিষ্ট কর্মী বা পেনশনভোগীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। এমনকী, এই নির্দেশ অমান্য করাকে শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য করা হতে পারে এবং সংশ্লিষ্ট ব্যক্তি পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত হতে পারেন।

Related posts

Leave a Comment