September 14, 2026
রাজ্য

বাংলায় রাশিয়ার বিনিয়োগ, সেমিকন্ডাক্টর-ডেটা সেন্টারের ঘোষণা

সংবাদ কলকাতা: দীর্ঘ শিল্পখরা কাটিয়ে বাংলায় নতুন করে বিনিয়োগ আসার দাবি করছে রাজ্যের বিজেপি সরকার। গত কয়েক মাসে রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক শিল্প প্রকল্পের শিলান্যাস হয়েছে বলে দাবি করা হয়েছে। পুজোর আগেও আরও কয়েকটি প্রকল্পের সূচনার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে বড় ঘোষণা করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর দাবি, বাংলায় বিনিয়োগ করতে আগ্রহী রাশিয়া। রুশ সংস্থার সঙ্গে আলোচনা চলছে এবং ভবিষ্যতে বাংলায় সেমিকন্ডাক্টর শিল্প ও ডেটা সেন্টার গড়ে উঠতে পারে।

গণেশপুজোর দিন বাংলায় শিল্প ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে মুখ খোলেন শমীক। তাঁর বক্তব্য, ভারী শিল্প এবং স্টার্টআপ ছাড়া বাংলার অর্থনীতির ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। বড় বিনিয়োগ নিয়ে প্রশ্ন করা হলে বিজেপির রাজ্য সভাপতি জানান, দেশ-বিদেশের বিভিন্ন স্তরে আলোচনা চলছে। বিনিয়োগের বিষয়ে কথা বলতে তিনি ফের মুম্বাই যাবেন বলেও জানান।

রাশিয়ার সঙ্গে সম্ভাব্য বিনিয়োগ নিয়ে শমীক বলেন, ‘রাশিয়ার সঙ্গে খুব শীঘ্রই একটা কলাবরেশন দেখা যাবে। তারা এখানে সেমিকন্ডাক্টর শিল্প, ডেটা সেন্টার করবে। সর্বক্ষেত্রে বিনিয়োগ আসছে।’

তবে এই বিনিয়োগ বাস্তবায়নে কিছুটা সময় লাগবে বলেও জানিয়েছেন শমীক। তাঁর কথায়, রাতারাতি সবকিছু বদলে দেওয়া সম্ভব নয়। বিজেপির রাজ্য সভাপতি বলেন, ‘রাতারাতি তো সবকিছু বদলে দেওয়া যাবে না। আমাদের মুখ্যমন্ত্রীও এমন দাবি করেননি।’

শমীকের দাবি, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই শিল্পের পরিবেশে পরিবর্তন দেখা যাচ্ছে। তাঁর কথায়, ‘পার্থক্য যেটা দেখা যাচ্ছে, সেটা হল ক্ষমতায় আসার পর থেকেই সিন্ডিকেট উঠে গেছে। একটু সময় দিন, মানুষই বলবে হ্যাঁ, নতুন সরকার এসেছে।’


রাজ্যে পালাবদলের পর প্রথম ১০০ দিনের মধ্যেই বড় পরিবর্তন আনার কথা বলেছিলেন শমীক ভট্টাচার্য। সেই সময় থেকেই বাংলায় বড় শিল্প বিনিয়োগ আসার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। এরপর গত কয়েক মাসে পুরুলিয়া থেকে ডানকুনি—রাজ্যের বিভিন্ন এলাকায় একাধিক সংস্থার বিনিয়োগের কথা সামনে এসেছে বলে দাবি করা হচ্ছে।

এরই মধ্যে পুজোর আগে হলদিয়া পেট্রোকেমিক্যালসের একটি নতুন প্ল্যান্টের উদ্বোধনের সম্ভাবনাও রয়েছে। সংস্থার অন্যতম কর্তা শিল্পপতি পূর্ণেন্দু চট্টোপাধ্যায়ের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা হয়েছে বলে জানা গিয়েছে। সেই অনুযায়ী, আগামী ১৪ অক্টোবর নতুন প্রকল্পটির উদ্বোধন হতে পারে মুখ্যমন্ত্রীর হাত ধরে।

হলদিয়া পেট্রোকেমিক্যালসের নতুন প্রকল্পের সম্ভাব্য উদ্বোধনের পাশাপাশি রাশিয়ার সঙ্গে সেমিকন্ডাক্টর ও ডেটা সেন্টার নিয়ে সহযোগিতার ইঙ্গিত—দুই ঘোষণাই বাংলার শিল্পমহলে নতুন প্রত্যাশা তৈরি করেছে। তবে রাশিয়ার বিনিয়োগ নিয়ে এখনও বিস্তারিত প্রকল্প, বিনিয়োগের পরিমাণ বা নির্দিষ্ট সংস্থার নাম প্রকাশ্যে আসেনি।

Related posts

Leave a Comment