July 20, 2026
রাজ্য

ফুটবল বিশ্বকাপের জন্য মর্নিং স্কুলগুলি চাইলে ছুটি নিতে পারে

প্রতিনিধিত্বমূলক চিত্র

সংবাদ কলকাতা: ফিফা বিশ্বকাপ ২০২৬ (FIFA World Cup 2026) ফাইনালকে কেন্দ্র করে রাজ্যের মর্নিং স্কুলগুলির জন্য বিশেষ নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দপ্তর (School Education Department)। ভারতীয় সময় অনুযায়ী ২০ জুলাই সোমবার রাত ১২টা ৩০ মিনিটে স্পেন (Spain) ও আর্জেন্টিনা (Argentina)-র ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। সেই ম্যাচ দেখতে বহু পড়ুয়া ও শিক্ষক রাত জেগে থাকতে পারেন বলে মনে করছে দপ্তর। সেই কারণেই পরদিন মর্নিং স্কুলে উপস্থিতির ক্ষেত্রে নমনীয়তা দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ ছুটি ঘোষণার সিদ্ধান্তও নিতে পারবেন।

স্কুল শিক্ষা দপ্তরের প্রশাসনিক শাখা থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, ফিফা বিশ্বকাপের ফাইনাল ঘিরে রাজ্যজুড়ে ব্যাপক উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে। স্পেন ও আর্জেন্টিনার মধ্যে এই হাইভোল্টেজ ম্যাচ দেখার জন্য বহু পড়ুয়া, শিক্ষক এবং অভিভাবক গভীর রাত পর্যন্ত জেগে থাকতে পারেন। এর জেরে পরদিন সকালে মর্নিং বিভাগের স্কুলে উপস্থিতির হার কমতে পারে।

এই পরিস্থিতি বিবেচনা করেই দপ্তর মর্নিং বিভাগের স্কুলগুলিকে প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিয়েছে। কোনও স্কুল চাইলে উপস্থিতির ক্ষেত্রে শিথিলতা দেখাতে পারবে। আবার স্থানীয় পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজন হলে ছুটি ঘোষণারও অনুমতি দেওয়া হয়েছে।

এই নির্দেশিকা ইতিমধ্যেই রাজ্যের সমস্ত জেলা বিদ্যালয় পরিদর্শকদের কাছে পাঠানো হয়েছে। তাঁদের মাধ্যমে মাধ্যমিক ও প্রাথমিক স্তরের সমস্ত স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি জানাতে বলা হয়েছে। যাতে কোনও বিভ্রান্তি তৈরি না হয় এবং স্থানীয় পরিস্থিতি অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়, সে দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।

বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে প্রবল আগ্রহ তৈরি হয়েছে। সেই আবহের কথা মাথায় রেখেই পড়ুয়াদের স্বার্থে এই বিশেষ পদক্ষেপ করেছে স্কুল শিক্ষা দপ্তর।

Related posts

Leave a Comment