28 C
Kolkata
September 9, 2026
কলকাতা

কলকাতা হাই কোর্টে স্থায়ী প্রধান বিচারপতি, শপথ নিলেন রবীন্দ্র ভি ঘুগে

সংবাদ কলকাতা: বেশ কয়েক মাস ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির মাধ্যমে চলার পর অবশেষে স্থায়ী প্রধান বিচারপতি পেল কলকাতা হাই কোর্ট। বুধবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে। সকাল ১০টায় হাই কোর্টের এক নম্বর আদালতকক্ষে রাজ্যপাল আরএন রবি তাঁকে শপথবাক্য পাঠ করান।

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু-সহ হাই কোর্টের একাধিক বিচারপতি ও বিশিষ্ট ব্যক্তিত্ব। এত দিন কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব সামলাচ্ছিলেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী।

বিচারপতি রবীন্দ্র ভি ঘুগেকে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের সুপারিশ করেছিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। সেই সুপারিশের প্রায় এক মাস পর কেন্দ্রীয় সরকার তাঁর নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে। এর আগে তিনি বম্বে হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন।

২০১৩ সালের ২১ জুন বম্বে হাই কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন রবীন্দ্র ভি ঘুগে। চলতি বছরের জুন মাসে তাঁকে বম্বে হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া হয়। সেখান থেকে এ বার কলকাতা হাই কোর্টের স্থায়ী প্রধান বিচারপতির দায়িত্বে এলেন তিনি।

বিচারপতি ঘুগের দীর্ঘ আইনজীবী জীবনের অভিজ্ঞতাও রয়েছে। ১৯৯০ সালে ছত্রপতি সম্ভাজীনগরের এমপি ল’ কলেজ থেকে আইন নিয়ে পড়াশোনা শেষ করেন তিনি। ওই বছরই বম্বে হাই কোর্টে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। কর্মজীবনের প্রথম দিকে শ্রমিক সংগঠন এবং শ্রমিকদের হয়ে প্রায় দু’হাজার মামলায় সওয়াল করেছিলেন তিনি।

এর পাশাপাশি বিভিন্ন কর্পোরেট ও বহুজাতিক সংস্থার হয়েও আদালতে সওয়াল করেছেন রবীন্দ্র ভি ঘুগে। আইনজীবী হিসেবে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষাক্ষেত্রের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। বাবাসাহেব অম্বেডকর মরাঠওয়াড়া বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাঁর বাবা ভি বি ঘুগে ওই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ছিলেন।

বার সংগঠনের কাজেও সক্রিয় ভূমিকা ছিল তাঁর। ঔরঙ্গাবাদের বার অ্যাসোসিয়েশন অব ইন্ডাস্ট্রিয়াল লয়ার্সের সচিব ও সভাপতি-সহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি।

নতুন প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণের ফলে কলকাতা হাই কোর্টের প্রশাসনিক কাঠামোয় স্থায়ী নেতৃত্ব প্রতিষ্ঠিত হল। বিচারপতি ঘুগের দীর্ঘ বিচারিক ও আইনজীবী জীবনের অভিজ্ঞতা আগামী দিনে কলকাতা হাই কোর্টের প্রশাসন ও বিচারপ্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছে আইনজীবী মহল।

Related posts

Leave a Comment