ভবানীপুর থেকে সূচনা মুখ্যমন্ত্রীর, বিতরণ হবে ৭০ লক্ষ জাতীয় পতাকা
সংবাদ কলকাতা: স্বাধীনতা দিবসকে সামনে রেখে এ বার রাজ্যজুড়ে ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচি পালনের ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। প্রথমবার কেন্দ্রীয় এই উদ্যোগে আনুষ্ঠানিকভাবে শামিল হচ্ছে রাজ্য সরকার। নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আগামী ৯ থেকে ১৭ আগস্ট পর্যন্ত রাজ্যের সর্বত্র এই কর্মসূচি পালিত হবে। পাশাপাশি শুক্রবার তাঁর বিধানসভা কেন্দ্র ভবানীপুর থেকে ‘তেরঙ্গা যাত্রা’র সূচনা হবে। এই উপলক্ষে রাজ্যজুড়ে প্রায় ৭০ লক্ষ জাতীয় পতাকা বিতরণ করা হবে বলেও জানান তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, ‘আগামীকাল ভবানীপুর থেকে তেরঙ্গা যাত্রা শুরু হবে। সার্ভে বিল্ডিং থেকে হাজরা পর্যন্ত বিশাল পদযাত্রা হবে। আমি নিজেও সেই পদযাত্রায় অংশ নেব। পশ্চিমবঙ্গের সকল মানুষের কাছে আবেদন, আপনারা সকলে এই কর্মসূচিতে অংশ নিন এবং নিজেদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করুন।’

তিনি জানান, গত কয়েক বছর ধরে কেন্দ্রীয় সরকার স্বাধীনতা দিবস উপলক্ষে ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচি পালন করলেও পশ্চিমবঙ্গে তা কার্যকর হয়নি। নতুন সরকার এবার সেই কর্মসূচিকে রাজ্যজুড়ে বৃহত্তর জন-উদ্যোগে রূপ দিতে চায়। তাঁর কথায়, ‘এবার থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে তেরঙ্গা যাত্রা এবং দেশাত্মবোধক নানা কর্মসূচি সারা রাজ্যে আয়োজন করা হবে।’
সরকারি পরিকল্পনা অনুযায়ী, ৯ থেকে ১৭ আগস্ট পর্যন্ত রাজ্যের প্রতিটি মহকুমা, ব্লক, পুরসভা, শিক্ষা প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন সামাজিক সংগঠনকে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। কলকাতার একাধিক ঐতিহাসিক ভবন এবং শিক্ষা প্রতিষ্ঠান আলোকসজ্জায় সজ্জিত করা হবে। পাশাপাশি প্রবন্ধ প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা, সচেতনতামূলক পদযাত্রা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে। প্রিন্ট, ডিজিটাল এবং সমাজমাধ্যমেও ব্যাপক প্রচার চালানো হবে।
মুখ্যমন্ত্রী আরও জানান, আগামী ১০ আগস্ট বিকেল ৩টায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশ থেকে একটি বৃহৎ তেরঙ্গা মিছিল বের হবে। সরকারি কর্মী-আধিকারিকদের পাশাপাশি সাধারণ মানুষেরও অংশগ্রহণ থাকবে। ইতিমধ্যেই প্রায় ৩০ হাজার মানুষ এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন বলে তিনি জানান।

এদিকে বিজেপি সূত্রে জানা গিয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যবাসীর উদ্দেশে মুখ্যমন্ত্রীর বিশেষ বার্তা দেওয়ার প্রস্তাবও তাঁর কাছে পৌঁছেছে। দলের মতে, সরকার গঠনের পর কর্মসংস্থান, শিল্প, পরিকাঠামো, আইনশৃঙ্খলা এবং প্রশাসনিক সংস্কার নিয়ে আগামী পাঁচ বছরের পরিকল্পনা তুলে ধরার জন্য স্বাধীনতা দিবস গুরুত্বপূর্ণ মঞ্চ হতে পারে। যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নবান্ন সূত্রে খবর, বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
রাজনৈতিক মহলের একাংশের মতে, স্বাধীনতার ৭৯তম বর্ষ উদযাপন উপলক্ষে ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচি, তেরঙ্গা যাত্রা এবং স্বাধীনতা দিবসের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে রাজ্য সরকার বৃহত্তর জন-অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে।
