November 5, 2026
জেলা

গোপালপুর মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আহত ১৬

পূর্ব বর্ধমান, ৫ নভেম্বর: বর্ধমান-আরামবাগ সাত নম্বর রাজ্য সড়কে (Burdwan-Arambagh State Highway) বৃহস্পতিবার সকালে ভয়াবহ বাস দুর্ঘটনায় (Bus Accident) আহত হলেন প্রায় ১৬ জন যাত্রী। রায়না থানার গোপালপুর মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায় আরামবাগ থেকে বর্ধমানগামী একটি যাত্রীবোঝাই বাস। আহতদের মধ্যে শিশু রয়েছে। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন বাসের খালাসি। আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (Burdwan Medical College Hospital) পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপালপুর মোড়ের কাছে আচমকাই বাসটির পাতি ভেঙে যায়। এর জেরে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার উপর পাল্টি খেয়ে যায়। মুহূর্তের মধ্যে বাসের ভিতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেশ কয়েকজন যাত্রী ভিতরে আটকে পড়েন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রায়না থানার পুলিশ।

থানার ওসি নিজে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে তৎপর হন। পুলিশকর্মীদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। দুর্ঘটনার জেরে রাজ্য সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশের উদ্যোগে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

বাসটির পাতি ভেঙে যাওয়ার কারণ এবং যান্ত্রিক ত্রুটির (Mechanical Failure) সঙ্গে দুর্ঘটনার কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সকালের ব্যস্ত সময়ে এই দুর্ঘটনা যাত্রীদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন তুলেছে। বিশেষ করে বাসের যন্ত্রাংশের নিয়মিত পরীক্ষা এবং রক্ষণাবেক্ষণের গুরুত্ব সামনে এসেছে।

Related posts

Leave a Comment