November 5, 2026
জেলা

চাষিদের ঠকালে বহিষ্কার, ধান ব্যবসায়ীদের সভায় একাধিক সিদ্ধান্ত

বাঁকুড়া, ৫ নভেম্বর— ধান কেনাবেচার সঙ্গে যুক্ত ফড়েদের দৌরাত্ম্য বন্ধ করা এবং চাষিদের ন্যায্য দাম নিশ্চিত করার দাবিতে সরব হল পশ্চিমবঙ্গ ধান্য ব্যবসায়ী সমিতি (West Bengal Paddy Traders Association)। বিষ্ণুপুরে সংগঠনের বিজয়া সম্মিলনীর পর আয়োজিত সভায় রাজ্য ও বিভিন্ন জেলার প্রতিনিধিরা একাধিক প্রস্তাব গ্রহণ করেন। সংগঠনের নাম ব্যবহার করে দুর্নীতি বা কৃষকদের সঙ্গে প্রতারণা করলে সংশ্লিষ্টদের বহিষ্কারের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

সভায় রাজ্য সভাপতি বিশ্বজিৎ মল্লিক বলেন, সংগঠনের বাইরের কিছু ফড়ে ও ব্যবসায়ী সংগঠনের নাম ভাঁড়িয়ে নানা অনিয়ম চালাচ্ছেন। এর ফলে চাষিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সংগঠনের সদস্য হয়েও কেউ কৃষকদের ঠকালে তা বরদাস্ত করা হবে না। অভিযুক্তদের চিহ্নিত করে বহিষ্কার করা হবে।

রাজ্য সহ সভাপতি নিত্যানন্দ গোস্বামী জানান, আগে ধান পরিবহনের ক্ষেত্রে প্রতি ৩০০ কিলোমিটার অন্তর পুলিশ ১৬০০ টাকা করে আদায় করত বলে অভিযোগ ছিল। নতুন সরকারের আমলে সেই সমস্যা বন্ধ হয়েছে বলে দাবি করে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। তবে ফড়েদের হয়রানি বন্ধেও সরকারের কাছে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।

সংগঠনের দাবি, বর্তমানে সরকারি সহায়ক মূল্য (MSP) কুইন্টাল প্রতি ২৬৬১ টাকা এবং তার সঙ্গে ২০০ টাকা বোনাস দেওয়া হচ্ছে। কৃষিপ্রধান পূর্ব বর্ধমান-সহ বিভিন্ন জেলায় কুইন্টাল প্রতি ৩০০০ টাকা দেওয়ার দাবি জানিয়েছে সমিতি। কোষাধ্যক্ষ অসীম সরকার বলেন, নিয়ম মেনেই ধান পরিবহন করতে হবে। অনিয়মের কারণে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হলে সংগঠন সংশ্লিষ্ট ব্যক্তির পাশে দাঁড়াবে না।
সভায় পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ ও মালদার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment