শিলিগুড়ি: তিন দিনের পশ্চিমবঙ্গ সফরে এসে শনিবার একাধিক গুরুত্বপূর্ণ সরকারি বৈঠকে যোগ দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সকালেই তিনি শিলিগুড়িতে বিএসএফ-এর ‘প্রহরী সম্মেলন’-এ অংশ নেবেন। এরপর উত্তরকন্যায় পরপর দুটি উচ্চপর্যায়ের বৈঠকে উপস্থিত থাকবেন তিনি।
প্রথম বৈঠকের মূল বিষয় নতুন ফৌজদারি আইন কার্যকর হওয়ার পর তার বাস্তবায়ন ও প্রশাসনিক অগ্রগতি। সম্প্রতি পশ্চিমবঙ্গে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) কার্যকর হয়েছে। পাশাপাশি রাজ্য সরকার গুন্ডাদমন আইনও চালু করেছে। এই প্রেক্ষাপটে আইন-শৃঙ্খলা এবং নতুন আইনের প্রয়োগ নিয়ে আলোচনা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সূত্রের খবর, বৈঠকে রাজ্যের শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিকরা উপস্থিত থাকবেন। নতুন আইনের বাস্তবায়নে বিভিন্ন জেলার অভিজ্ঞতা, প্রশাসনিক প্রস্তুতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হতে পারে।
এছাড়াও সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ রোধ এবং বিএসএফের কার্যক্রম নিয়েও পৃথক বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কৌশলগত গুরুত্ব এবং সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা আরও জোরদার করার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
অমিত শাহের এই সফরে কোনও রাজনৈতিক কর্মসূচি না থাকলেও সরকারি বৈঠকগুলিকে প্রশাসনিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
