July 18, 2026
রাজ্য

দু’দিন পর উদ্ধার নিখোঁজ রাইফেল শুটার দময়ন্তী সেন, মানসিক চাপের ইঙ্গিত পুলিশের

হাওড়া: দু’দিনের উদ্বেগের অবসান। নিখোঁজ রাজ্যস্তরের রাইফেল শুটার দময়ন্তী সেনকে শনিবার ভোরে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে ১৫ বছরের ওই কিশোরীকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দময়ন্তীর সঙ্গে প্রাথমিক কথাবার্তায় উঠে এসেছে যে, পরিবারের সঙ্গে মনোমালিন্যের জেরেই সে বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিল। গত দু’দিন সে বিভিন্ন জায়গায় একাই ঘুরে বেড়িয়েছে বলে অনুমান তদন্তকারীদের। পড়াশোনা এবং শুটিংয়ের অনুশীলনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে না পারায় মানসিক চাপের মধ্যে ছিল বলেও জানিয়েছে সে।

শনিবার তাকে হাওড়া আদালতে তোলা হবে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পরিবারের হাতে তুলে দেওয়া হতে পারে।

পরিবারের দাবি, বৃহস্পতিবার সকালে দুধ কিনতে বেরিয়ে আর বাড়ি ফেরেনি দময়ন্তী। এরপর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। তদন্তে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে, শেষবার তাকে হাওড়া স্টেশনে দেখা গিয়েছিল। মোবাইল ফোন বাড়িতেই রেখে বেরিয়েছিল সে।

দময়ন্তীর বাবা ধ্রুবজ্যোতি সেন বলেন, মেয়েকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়াই এখন সবচেয়ে বড় স্বস্তি। তাঁর মতে, পড়াশোনা ও শুটিংয়ের অনুশীলনের চাপ সামলাতে গিয়েই মেয়ের মানসিক অস্বস্তি তৈরি হয়েছিল।

উল্লেখ্য, দময়ন্তী অলিম্পিয়ান জয়দীপ কর্মকারের রাইফেল শুটিং প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রী। সম্প্রতি জাতীয় দলের ট্রায়ালের সুযোগও পেয়েছিল সে। পুলিশ এখন খতিয়ে দেখছে, পারিবারিক চাপ বা অন্য কোনও কারণ এই ঘটনার পিছনে ছিল কি না।

Related posts

Leave a Comment