29 C
Kolkata
August 28, 2026
কলকাতা

গ্রেপ্তার পানিহাটির প্রাক্তন বিধায়কের ছেলে তীর্থঙ্কর ঘোষ

প্রতিনিধিত্বমূলক চিত্র

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজির অভিযোগ

সংবাদ কলকাতা— বিধানসভা নির্বাচনের পর রাজ্যে দুর্নীতি, তোলাবাজি এবং ভোট-পরবর্তী হিংসার অভিযোগে একের পর এক প্রভাবশালী তৃণমূল নেতার বিরুদ্ধে পুলিশি অভিযান জোরদার হয়েছে। সেই আবহেই পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে গ্রেপ্তার করল পুলিশ। ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসা, তোলাবাজি এবং এক লটারি বিজয়ীর অর্থ আত্মসাৎ করে মারধরের অভিযোগে দীর্ঘদিন ধরেই তাঁর বিরুদ্ধে তদন্ত চলছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে দক্ষিণেশ্বর এলাকা থেকে তীর্থঙ্কর ঘোষকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারীদের দাবি, অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই তিনি গা ঢাকা দিয়েছিলেন। তাঁর অবস্থান জানতে মোবাইল ফোনের সূত্র ধরেই নজরদারি চালানো হচ্ছিল।

সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে পানিহাটি কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন তীর্থঙ্কর ঘোষ। নির্বাচনে তিনি বিজেপি প্রার্থী রত্না দেবনাথের কাছে পরাজিত হন। রাজনৈতিক পালাবদলের পর স্থানীয় বিজেপি নেতৃত্ব অভিযোগ তোলে, দীর্ঘদিন ধরে এলাকায় তোলাবাজি, সমাজবিরোধী কার্যকলাপ এবং সাধারণ মানুষকে ভয় দেখিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে এই পিতা-পুত্রের বিরুদ্ধে। তাঁদের দাবি, আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রশাসনের এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পুলিশের তদন্তে উঠে এসেছে, ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার একটি মামলায়ও তীর্থঙ্কর ঘোষ অভিযুক্ত। এছাড়া বেআইনি আগ্নেয়াস্ত্র দেখিয়ে তোলাবাজির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এই মামলায় প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ এবং পানিহাটির এক হোটেল ব্যবসায়ী সুশান্ত সরকারের নামও উঠে এসেছে। সুশান্ত সরকারকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। তবে নির্মল ঘোষের খোঁজে এখনও তল্লাশি চালানো হচ্ছে বলে তদন্তকারী সূত্রের দাবি।

সম্প্রতি নির্মল ঘোষকে একটি রাজনৈতিক বৈঠকে দেখা গিয়েছিল। তার কয়েক দিনের মধ্যেই তাঁর ছেলের গ্রেপ্তারিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

এদিকে আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়ও নির্মল ঘোষের নাম উঠে এসেছে। অভিযোগ, সেই সময় পানিহাটির বিধায়ক হিসেবে নির্যাতিতার মৃতদেহ দ্রুত দাহ করার প্রক্রিয়ায় তাঁর ভূমিকা ছিল। যদিও সেই অভিযোগের তদন্ত এখনও চলছে এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এছাড়া এক ব্যক্তি লটারিতে প্রথম পুরস্কার হিসেবে এক কোটি টাকা জেতার পর তাঁর কাছ থেকে জোর করে টিকিট ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে নির্মল ঘোষের বিরুদ্ধে। সেই ঘটনাতেও পৃথক তদন্ত শুরু করেছে পুলিশ।

রাজ্যে সরকার পরিবর্তনের পর প্রভাবশালী এই পিতা-পুত্রের বিরুদ্ধে একাধিক মামলার তদন্ত নতুন করে গতি পেয়েছে। তীর্থঙ্কর ঘোষকে আদালতে তোলা হবে। পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানাতে পারে বলে তদন্তকারী সূত্রে খবর।

Related posts

Leave a Comment