34.1 C
Kolkata
July 8, 2026
রাজ্য

বারুইপুর ধর্ষণ-খুন মামলায় আরও এক সাফল্য পুলিশের, বসিরহাট থেকে গ্রেফতার চতুর্থ অভিযুক্ত কবীর মোল্লা

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ১১ বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্তে আরও একটি বড় সাফল্য পেল পুলিশ। মামলার চতুর্থ অভিযুক্ত কবীর মোল্লাকে বসিরহাট থেকে গ্রেফতার করা হয়েছে। এর আগে এই ঘটনায় প্রভাস মণ্ডল, আনন্দ সর্দার এবং দিবাকর সর্দারকে গ্রেফতার করা হয়েছিল। ফলে এই মামলায় মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল চার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর থেকেই কবীর মোল্লার খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছিল। একাধিক সূত্রে তথ্য সংগ্রহের পর বসিরহাটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ধৃতকে বারুইপুরে আনা হচ্ছে। আদালতে পেশ করে তার পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে। তদন্তকারীদের আশা, জেরায় উঠে আসতে পারে ঘটনার আরও গুরুত্বপূর্ণ তথ্য।

তদন্তকারীদের দাবি, প্রথমে গ্রেফতার হওয়া প্রভাস মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করেই আনন্দ সর্দার ও দিবাকর সর্দারের অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ সূত্র মিলেছিল। পরে তদন্তে কবীর মোল্লার নামও সামনে আসে। এরপর থেকেই তার খোঁজে বিশেষ অভিযান শুরু করে পুলিশ। অবশেষে বসিরহাট থেকে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে অপরাধস্থলের পুনর্নির্মাণের সময় পুলিশের গুলিতে মৃত্যু হয় প্রভাস মণ্ডলের। পুলিশের দাবি, ঘটনাস্থল দেখানোর সময় তিনি এক পুলিশকর্মীর সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন এবং গুলি চালান। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনারও নিয়ম অনুযায়ী ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত চলছে।

অন্যদিকে, এই নৃশংস ঘটনার জেরে বারুইপুরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভ, পথ অবরোধ, ভাঙচুর এবং গণপিটুনির ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, গণহিংসা, সরকারি সম্পত্তি নষ্ট এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ইতিমধ্যেই ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি যৌন নির্যাতন ও খুনের মামলার তদন্তও দ্রুত এগিয়ে চলেছে।

তদন্তে সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের তথ্য, ফরেনসিক রিপোর্ট এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের মতে, কবীর মোল্লার গ্রেফতার এই মামলার তদন্তে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এখনও তদন্ত চলছে এবং ঘটনার সঙ্গে অন্য কারও যোগসূত্র মিললে তাঁদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Related posts

Leave a Comment