35.1 C
Kolkata
June 21, 2026
রাজ্য

বাংলার উন্নয়নে ৬০ হাজার কোটি টাকার বরাদ্দ প্রক্রিয়াধীন, শুভেন্দু সরকারকে বার্তায় জানালেন মোদী

কলকাতা, ২১ জুন: রাজ্যের নবনির্বাচিত বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশের আগেই পশ্চিমবঙ্গের উন্নয়নে বড় আর্থিক সহায়তার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে লেখা পাঁচ পাতার এক চিঠিতে প্রধানমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের জন্য প্রায় ৬০ হাজার কোটি টাকার বরাদ্দ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি পরিকাঠামো ও রেল উন্নয়নের জন্য ইতিমধ্যেই বিপুল অর্থ বরাদ্দ করা হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।

চিঠিতে মোদী জানান, জল জীবন মিশন এবং বিভিন্ন পরিকাঠামোগত প্রকল্প-সহ অতীতে আটকে থাকা উন্নয়নমূলক কাজগুলিকে এগিয়ে নিয়ে যেতে কেন্দ্র প্রায় ৪০ হাজার কোটি টাকা দিয়েছে। এছাড়া রেল উন্নয়নের জন্য প্রায় ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর পাশাপাশি আরও ৬০ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদনের প্রক্রিয়া চলছে বলে তিনি জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের অর্থনীতিকে আরও শক্তিশালী ও আধুনিক ভিত্তির উপর দাঁড় করাতে হবে। বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা, শিল্পোন্নয়ন ত্বরান্বিত করা, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে সহায়তা করা এবং পণ্য পরিবহণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উপর জোর দিয়েছেন তিনি। ব্যবসা ও শিল্পের ক্ষেত্রে অনিশ্চয়তার পরিবর্তে সহযোগিতামূলক পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন মোদী।

চিঠিতে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ সম্ভাবনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, মৎস্যচাষ, খাদ্য প্রক্রিয়াকরণ, বন্দরকেন্দ্রিক শিল্প, বস্ত্রশিল্প, পর্যটন এবং ডিজিটাল অর্থনীতির ক্ষেত্রে পশ্চিমবঙ্গ আগামী দিনে দেশের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠতে পারে। রাজ্যের ভৌগোলিক অবস্থানকে বাণিজ্য ও সংযোগের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবেও উল্লেখ করেছেন তিনি।

মোদী আরও বলেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে কৃষকদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় এবং পশ্চিমবঙ্গও তার ব্যতিক্রম হবে না। রাজ্যের উন্নয়নে কেন্দ্রীয় সরকার সব ধরনের সহযোগিতা করবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

উল্লেখ্য, সোমবার বিধানসভায় ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। তার আগেই কেন্দ্রের এই আর্থিক সহায়তার বার্তা রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Related posts

Leave a Comment