নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: খড়্গপুর আইআইটির ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে দেশের পরিবর্তন, উন্নয়ন এবং আত্মনির্ভরতার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার প্রতিষ্ঠানের প্ল্যাটিনাম জয়ন্তী উদ্যাপন অনুষ্ঠানে তাঁর বক্তব্যে উঠে এল দারিদ্র দূরীকরণ, মহিলাদের জন্য শৌচাগার নির্মাণ, প্রযুক্তির অগ্রগতি এবং শিল্পায়নের প্রসঙ্গ। একই সঙ্গে পড়ুয়াদের উদ্দেশে সীমাবদ্ধতার গণ্ডি ভেঙে নতুন চ্যালেঞ্জ গ্রহণের বার্তাও দিলেন তিনি।
প্রধানমন্ত্রীর দাবি, গত ১২ বছরে দেশের ৫০ কোটি মানুষকে দারিদ্রসীমার বাইরে নিয়ে আসা সম্ভব হয়েছে। তাঁর কথায়, একসময় মনে করা হত, দেশ থেকে দারিদ্র দূর করা সম্ভব নয়। কিন্তু সেই ধারণা বদলে দিয়ে সরকার সাধারণ মানুষের ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করেছে। বিরোধীদের নাম না করেই মোদী বলেন, ‘গরিবি দূর হবে না, এটাই ধারণা ছিল। কেউ ক্ষমতা দেখায়নি গরিবি দূর করা যায়। যখন ক্ষমতায় আসি, তখনই কাজ শুরুর পরিকল্পনা করি। আমরা গরিবদের শক্তিশালী করেছি।’
এই প্রসঙ্গেই পড়ুয়াদের উদ্দেশে ‘ব্রেক দ্য রুল’ বা প্রচলিত নিয়ম ভেঙে এগিয়ে যাওয়ার মন্ত্র দেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, কোনও নির্দিষ্ট সীমাবদ্ধতার মধ্যে নিজেদের আটকে রাখলে নতুন সম্ভাবনার দরজা খুলবে না। বরং প্রতিনিয়ত নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ করতে না পারলে আমার শান্তি নেই।’
আইআইটি খড়্গপুরের ৭৫ বছরের ইতিহাসের সঙ্গে ভারতের উন্নয়নের যাত্রাকে মিলিয়ে দেখান মোদী। তাঁর কথায়, এই প্রতিষ্ঠান দেশের বহু পরিবর্তনের সাক্ষী। স্বাধীনতার পরবর্তী সময়ে প্রযুক্তি ও শিক্ষাক্ষেত্রে যে অগ্রগতি হয়েছে, তার গুরুত্বপূর্ণ অংশীদার আইআইটি খড়্গপুর। প্রধানমন্ত্রী বলেন, ‘আইআইটি খড়্গপুর ভারতের বহু পরিবর্তনের সাক্ষী। ৭৫ বছরে গরুর গাড়ি থেকে বুলেট ট্রেনে পৌঁছে গিয়েছে ভারত।’
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ৭৫ টাকার বিশেষ স্মারক মুদ্রার উন্মোচন। আইআইটি খড়্গপুরের প্ল্যাটিনাম জয়ন্তী উপলক্ষে এই মুদ্রা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। ৯৯.৯ শতাংশ বিশুদ্ধ রুপো দিয়ে তৈরি মুদ্রাটির ওজন ৪০ গ্রাম এবং ব্যাস ৪৪ মিলিমিটার। মুদ্রার প্রান্তে রয়েছে ২০০টি খাঁজ। একদিকে অশোক স্তম্ভের সিংহমূর্তি এবং অন্যদিকে আইআইটি খড়্গপুরের ৭৫ বছর পূর্তির বিশেষ প্রতীক রয়েছে।
পশ্চিমবঙ্গের ইতিহাস ও ঐতিহ্যের কথাও তাঁর বক্তব্যে উঠে আসে। মোদীর কথায়, এই রাজ্যের মাটিতে বহু নতুন চিন্তাভাবনার জন্ম হয়েছে। স্বাধীনতা আন্দোলনেও বাংলার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীনতা সংগ্রামীরা দেশকে উন্নতির শিখরে দেখতে চেয়েছিলেন। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আত্মনির্ভরতার পথে এগিয়ে যাওয়াই বিকশিত ভারতের মূল শক্তি বলে মন্তব্য করেন তিনি।
দেশের প্রথম সাধারণ নির্বাচনের আগেই আইআইটি খড়্গপুরের যাত্রা শুরু হয়েছিল বলে স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, প্রতিষ্ঠানের পড়ুয়ারা দীর্ঘদিন ধরে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। শিক্ষা ও গবেষণার মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্মাণে এই প্রতিষ্ঠানের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য।
শিল্পায়নের প্রসঙ্গ তুলে এদিন বামেদেরও আক্রমণ করেন মোদী। তাঁর অভিযোগ, প্রায় ৫০ বছর আগে ভারতে সেমিকন্ডাক্টর তৈরির সংস্থা আসার সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু লাল ঝান্ডার বিরোধিতার কারণে সেই উদ্যোগ বাধার মুখে পড়ে এবং সংস্থাকে ফিরে যেতে হয়। তাঁর বক্তব্যে স্পষ্ট, শিল্প ও প্রযুক্তির ক্ষেত্রে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে এগিয়ে যেতে হবে দেশকে।
শনিবার সকাল ১০টার কিছু পরে খড়্গপুরে পৌঁছোন প্রধানমন্ত্রী। কলাইকুন্ডায় তাঁকে স্বাগত জানান রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। তবে বৃষ্টির কারণে সফরসূচিতে পরিবর্তন আনতে হয়। প্রথমে কলাইকুন্ডা থেকে হেলিকপ্টারে আইআইটি খড়্গপুরে যাওয়ার পরিকল্পনা থাকলেও আবহাওয়া অনুকূলে না থাকায় সড়কপথে গন্তব্যে পৌঁছন তিনি।
প্রতিষ্ঠানের নতুন চিকিৎসা শিক্ষা কর্মসূচির ব্যবস্থাও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। সেখানে চিকিৎসাবিজ্ঞানের পাঠদানের জন্য তৈরি চত্বর পরিদর্শন করেন তিনি। পাশাপাশি প্রায় ৭৫ জন পড়ুয়ার সঙ্গে কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল আর এন রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার-সহ বিশিষ্ট ব্যক্তিরা। আইআইটি খড়্গপুরের অধিকর্তা সুমন চক্রবর্তী প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানান।
previous post
