November 21, 2026
রাজ্য

১২৫ দিনের প্রকল্পে কড়া নির্দেশ নবান্নের

প্রতিনিধিত্বমূলক চিত্র

সংবাদ কলকাতা: গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের (Rural Employment Scheme) বাস্তবায়নে গতি আনতে নতুন করে তৎপর হল পশ্চিমবঙ্গ সরকার। ‘ভিবি-জিরামজি’ (VB-G RAM G) প্রকল্পে কাজের অগ্রগতি নিয়ে অসন্তোষ তৈরি হওয়ায় এ বার প্রতিটি গ্রাম পঞ্চায়েতের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের নতুন নির্দেশ অনুযায়ী, প্রতিদিনের কাজের বিস্তারিত হিসাব সরকারি পোর্টালে আপলোড করতে হবে। কোনও কাজ কতটা এগিয়েছে এবং অন্য সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কী কী প্রকল্প নেওয়া হয়েছে, তার সম্পূর্ণ তথ্যও জমা দিতে হবে।

২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে ‘ভিবি-জিরামজি’ আইন (VB-G RAM G Act)। এই আইনে গ্রামীণ পরিবারের জন্য প্রতি অর্থবর্ষে ১০০ দিনের পরিবর্তে ১২৫ দিনের মজুরিভিত্তিক কাজের আইনি নিশ্চয়তা দেওয়া হয়েছে। অর্থাৎ, প্রতিটি ব্যক্তির জন্য ১২৫ দিন নয়, একটি গ্রামীণ পরিবার সম্মিলিতভাবে বছরে ১২৫ দিনের কাজের অধিকার পাবে।

রাজ্যে সরকার পরিবর্তনের পর গ্রামীণ অর্থনীতি (Rural Economy) শক্তিশালী করা এবং কর্মসংস্থান (Employment Generation) বাড়ানোর লক্ষ্যে এই প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু প্রশাসনিক সূত্রের দাবি, নির্বাচিত জনপ্রতিনিধিদের একাংশের অসহযোগিতায় বিভিন্ন পঞ্চায়েতে কাজের গতি কমে যায়। মে মাসে সরকার পরিবর্তনের পর থেকে প্রকল্পের যে অগ্রগতির হিসাব পাওয়া গিয়েছে, তাতে নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় কাজ অনেকটাই পিছিয়ে রয়েছে।

প্রশাসনের অভিযোগ, বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং পঞ্চায়েত সমিতির সভাপতিদের একাংশ প্রকল্প বাস্তবায়নে প্রত্যাশিত সহযোগিতা করেননি। ফলে স্থানীয় স্তরে কাজ শুরু করা এবং প্রশাসনিক সিদ্ধান্ত কার্যকর করার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়।

এই জটিলতা কাটাতে রাজ্য বিধানসভায় বিশেষ বিল এনে প্রশাসনিক ক্ষমতার পুনর্বিন্যাস করা হয়েছে। নতুন ব্যবস্থায় নির্বাচিত জনপ্রতিনিধিদের পরিবর্তে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতে নিযুক্ত সরকারি সুপারভাইজারদের (Government Supervisors) হাতে প্রকল্প পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রশাসনিক মহলের আশা ছিল, এই পরিবর্তনের ফলে প্রকল্পের কাজ আরও দ্রুত এগোবে।

কিন্তু ক্ষমতা হস্তান্তরের পরেও প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় এ বার নজরদারিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে নবান্ন। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিটি গ্রাম পঞ্চায়েতকে দৈনিক কাজের রিপোর্ট (Daily Work Report) নির্দিষ্ট সরকারি পোর্টালে জমা দিতে হবে। একাধিক সরকারি দপ্তরের সঙ্গে যৌথভাবে পরিচালিত প্রকল্পের ক্ষেত্রেও বিস্তারিত তথ্য আপলোড করা বাধ্যতামূলক।

Related posts

Leave a Comment