বারুইপুরের নাবালিকা ধর্ষণ ও খুন মামলায় গ্রেফতার হওয়া অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনায় সামনে এসেছে নতুন তথ্য। তদন্তকারীদের দাবি, ঘটনার পুনর্নির্মাণের সময় পুলিশের এক আধিকারিকের সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করেছিলেন প্রভাস। সেই পরিস্থিতিতে আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালান স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট)-এর সদস্য অর্ঘ্য মণ্ডল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে, প্রায় সাড়ে ১২টা নাগাদ প্রভাসকে নিয়ে ঘটনাস্থলে যায় তদন্তকারী দল। সেখানে ঘটনার পুনর্নির্মাণ চলাকালীন ক্যানিং পুলিশ সার্কেলের ইনচার্জ রনি সরকারের সার্ভিস রিভলভার আচমকাই ছিনিয়ে নেয় অভিযুক্ত। অভিযোগ, তদন্তকারীরা কিছু বুঝে ওঠার আগেই সে একটি গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে।
এই পরিস্থিতিতে নিজের ও সহকর্মীদের নিরাপত্তার কথা ভেবেই পাল্টা গুলি চালান সিটের সদস্য তথা বারুইপুর থানার গুন্ডাদমন শাখার (পিসি) ইনচার্জ অর্ঘ্য মণ্ডল। পুলিশের দাবি, সেই গুলিতেই গুরুতর জখম হন প্রভাস।
রক্তাক্ত অবস্থায় তাঁকে দ্রুত বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর নিয়ম অনুযায়ী ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি পুলিশের অভ্যন্তরীণ তদন্তও চলছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৪ ব্যাচের অফিসার অর্ঘ্য মণ্ডল বর্তমানে বারুইপুর থানার গুন্ডাদমন শাখার দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি জয়নগর, সোনারপুর ও কুলতলি থানায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। একসময় বারুইপুর স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি)-এর ইনচার্জ হিসেবেও কাজ করেছেন।
অন্যদিকে, রনি সরকার বর্তমানে ক্যানিং পুলিশ সার্কেলের দায়িত্বে রয়েছেন। কর্মজীবনে তিনি নরেন্দ্রপুর, বারুইপুর, জয়নগর, বকুলতলা-সহ একাধিক থানায় দায়িত্ব সামলেছেন। গত বিধানসভা নির্বাচনের সময় নির্বাচন কমিশনের অধীনে বকুলতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) হিসেবেও দায়িত্ব পালন করেন। কনস্টেবল হিসেবে কর্মজীবন শুরু করে পরে সাব-ইন্সপেক্টর পদে উন্নীত হন তিনি।
বারুইপুর পুলিশ জেলার শীর্ষ কর্তারা জানিয়েছেন, প্রভাস মণ্ডলের মৃত্যুর ঘটনায় সমস্ত আইনি বিধি মেনেই তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, কার্তুজের খোল-সহ প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়েছে। ব্যালিস্টিক পরীক্ষা, ফরেনসিক বিশ্লেষণ এবং ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ করা হবে।
