29 C
Kolkata
August 23, 2026
রাজ্য

বারুইপুরে নির্যাতিতার পরিবারের পাশে অগ্নিমিত্রা-লকেট, ‘দোষীদের কঠোর শাস্তি হবেই’, আশ্বাস বিজেপি প্রতিনিধিদলের

বারুইপুর— বারুইপুরে কিশোরীকে গণধর্ষণ ও খুনের ঘটনার পর মঙ্গলবার সকালে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে পৌঁছলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন তাঁরা। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও ভরসা দেন বিজেপি প্রতিনিধিদল।

নিহত কিশোরীর পরিবারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলার পর অগ্নিমিত্রা পাল বলেন, আগের সরকার এই ধরনের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয়নি। কিন্তু বর্তমান সরকার শুরু থেকেই দ্রুত পদক্ষেপ করেছে। তাঁর দাবি, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে, যা সরকারের সক্রিয়তার প্রমাণ।

পুরমন্ত্রীর কথায়, পরিবারের সদস্যরা তাঁদের জানিয়েছেন যে সরকারের ভূমিকা নিয়ে তাঁরা সন্তুষ্ট এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর তাঁদের পূর্ণ আস্থা রয়েছে। তিনি বলেন, ‘আমরা রাজনীতি করতে আসিনি। এই কঠিন সময়ে পরিবারের পাশে দাঁড়াতেই এসেছি। অতীতেও যেমন মানুষের পাশে থেকেছি, ভবিষ্যতেও থাকব।’

বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ও নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, এই নৃশংস ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেক অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। তাঁরও দাবি, সরকারের ভূমিকা নিয়ে পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন।

রবিবার স্থানীয় একটি পুকুর থেকে কিশোরীর দেহ উদ্ধারের পর থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে বারুইপুরে। গণধর্ষণ ও খুনের অভিযোগে আনন্দ সর্দার, প্রভাস মণ্ডল এবং দিবাকর সর্দার নামে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার জেরে ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে এক যুবকেরও মৃত্যু হয়েছে। সেই ঘটনাতেও পৃথক তদন্ত চলছে।

এদিকে, অগ্নিমিত্রা পাল ও লকেট চট্টোপাধ্যায়ের সফরের পর দুপুরে বারুইপুরে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশ সুপারের দপ্তরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার পাশাপাশি তদন্তের অগ্রগতি নিয়ে শীর্ষ পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। বারুইপুর যাওয়ার আগে রাজ্য পুলিশের বিশেষ বাহিনীর আধিকারিকদের সঙ্গেও তিনি এই ঘটনার তদন্ত নিয়ে আলোচনা করেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

এর আগে সোমবার মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, নির্যাতিতার বাবা যে সব দাবি জানিয়েছেন, সেগুলি পূরণে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তিনি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে চার জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে এবং তদন্তের ভিত্তিতে প্রত্যেক অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Related posts

Leave a Comment