November 15, 2026
রাজ্য

ঝাড়গ্রামে আর কাঁচাবাড়ি নয়, ঘোষণা শুভেন্দুর

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম— জঙ্গলমহলে দাঁড়িয়ে একাধিক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঝাড়গ্রাম জেলায় আর একটিও কাঁচাবাড়ি থাকবে না বলে প্রতিশ্রুতি দিলেন তিনি। প্রত্যেক বাসিন্দার মাথার উপর পাকা ছাদ নিশ্চিত করবে তাঁর সরকার। পাশাপাশি আদিবাসীদের চাকরির ক্ষেত্রে কোনও বঞ্চনা বরদাস্ত করা হবে না এবং একটিও ভুয়ো তফসিলি জনজাতি শংসাপত্র দেওয়া হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

রবিবার ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে ‘জনজাতি গৌরব দিবস’ অনুষ্ঠানে যোগ দিতে ঝাড়গ্রামের শিলদায় যান শুভেন্দু। সেখান থেকেই আদিবাসী সম্প্রদায়ের মানুষের উদ্দেশে একাধিক প্রতিশ্রুতি দেন তিনি। পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ, আগের সরকার আদিবাসীদের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ করেনি।

শিলদার সভা থেকে পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগও তোলেন শুভেন্দু। বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। উত্তরবঙ্গে আদিবাসী মহিলাদের সঙ্গে ছবি তোলার সময় গ্লাভস পরার প্রসঙ্গ তুলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী।রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রসঙ্গও টেনে আনেন তিনি। শুভেন্দুর বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দ্রৌপদী মুর্মুকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসিয়ে সম্মান দেওয়া হয়েছে। অথচ রাষ্ট্রপতি নির্বাচনে তাঁর বিরুদ্ধে ভোট দিয়েছিল তৃণমূল। মুখ্যমন্ত্রীর কথায়, ‘কারা আদিবাসীদের প্রকৃত বন্ধু আর কারা শত্রু, তা আপনারা ভাল করেই জানেন।’ নিজের মন্ত্রিসভায় আদিবাসী বিধায়কদের যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।


ভুয়ো তফসিলি জনজাতি শংসাপত্র নিয়েও কড়া অবস্থানের কথা জানান শুভেন্দু। তাঁর দাবি, ঝাড়গ্রামে পৌঁছনোর আগেই ৭৩টি ভুয়ো এসটি শংসাপত্র চিহ্নিত করা হয়েছে এবং সেগুলি বাতিল করা হয়েছে। আগামী দিনে কোনওভাবেই ভুয়ো শংসাপত্র দেওয়া বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট বার্তা দেন তিনি।

আদিবাসীদের জমির অধিকার নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্যজুড়ে ৮ হাজার মাঝি বাবাকে সংবর্ধনা জানাচ্ছে সরকার। পাশাপাশি ঝাড়গ্রামের অনুষ্ঠানে ৭৭০ জন আদিবাসীর হাতে জমির মালিকানার পাট্টা তুলে দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি।

সব মিলিয়ে জনজাতি গৌরব দিবসের মঞ্চ থেকে আবাসন, কর্মসংস্থান, জমির অধিকার এবং ভুয়ো শংসাপত্র বন্ধ করার মতো একাধিক বিষয়ে বার্তা দিলেন শুভেন্দু। জঙ্গলমহলের উন্নয়ন এবং আদিবাসী মানুষের জীবনযাত্রার পরিবর্তনকে সামনে রেখেই আগামী দিনে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Related posts

Leave a Comment