27.1 C
Kolkata
July 6, 2026
কলকাতা

বারুইপুরে ৩ থানা এলাকায় একসঙ্গে পাঁচজনের বেশি জমায়েতে নিষেধ

বারুইপুর, ৬ জুলাই— দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর মহকুমার সূর্যপুরে (Suryapur) সাম্প্রতিক অশান্তির ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বড় সিদ্ধান্ত নিল বারুইপুর (Baruipur) মহকুমা প্রশাসন। মহকুমা শাসক ও মহকুমা বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (BNSS 2023) ১৬৩ ধারা জারি করে বারুইপুর, নরেন্দ্রপুর (Narendrapur) এবং সোনারপুর (Sonarpur) থানা এলাকায় একাধিক বিধিনিষেধ কার্যকর করেছেন।

সরকারি নির্দেশে বলা হয়েছে, সূর্যপুর এলাকায় ঘটে যাওয়া একাধিক অপ্রীতিকর ঘটনার জেরে জনশান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি বারুইপুর মহকুমার অন্তর্গত নরেন্দ্রপুর, সোনারপুর এবং বারুইপুর থানা এলাকাতেও উত্তেজনা ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে বলে প্রশাসনের আশঙ্কা।

এই পরিস্থিতিতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা বলবৎ করে পাঁচজনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে জনশান্তি বিঘ্নিত করার উদ্দেশ্যে কোনও ধরনের সমাবেশ, অস্ত্র, লাঠি বা ধারালো অস্ত্র নিয়ে জমায়েত এবং মাইক ব্যবহারের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

প্রশাসন জানিয়েছে, নির্দেশ অমান্য করলে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ২২১, ২২৩ ও ২২৪ ধারায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সরকারি সম্পত্তি নষ্ট করলে ‘Prevention of Damage to Public Property Act, 1984’-এর আওতায় কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে।

এছাড়া সরকারি বা জনসাধারণের সম্পত্তি নষ্ট করলে ‘জনসম্পত্তি ক্ষয়ক্ষতি প্রতিরোধ আইন, ১৯৮৪’ অনুযায়ী সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানার বিধান রয়েছে বলেও নির্দেশে উল্লেখ করা হয়েছে।

বারুইপুর মহকুমা প্রশাসন সংশ্লিষ্ট থানাগুলিকে নির্দেশ কার্যকর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখার আবেদন জানানো হয়েছে।

Related posts

Leave a Comment