July 1, 2026
রাজ্য

‘যেখানে হাত দিচ্ছি, সেখানেই ধ্বংসলীলা’, মমতাকে নিশানা শুভেন্দুর

কলকাতা— প্রাক্তন মুখ্যমন্ত্রী ডা. বিধানচন্দ্র রায়ের জন্ম ও প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বাস্থ্য ভবনের অনুষ্ঠানে বিধানচন্দ্র রায় এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে স্মরণ করার পাশাপাশি বর্তমান স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে কড়া সমালোচনা করেন তিনি।

জ্যোতি বসুর একটি মন্তব্যের উল্লেখ করে শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর জ্যোতি বসু বলেছিলেন, তিনি যেখানে কাজ শুরু করতে গিয়েছেন, সেখানেই বিধানচন্দ্র রায়ের উদ্যোগের ছাপ পেয়েছেন। সেই প্রসঙ্গ টেনে বর্তমান মুখ্যমন্ত্রী বলেন, তাঁর অভিজ্ঞতা সম্পূর্ণ উল্টো। তাঁর কথায়, ‘আমি যেখানেই হাত দিচ্ছি, সেখানেই শুধু ধ্বংসলীলা দেখতে পাচ্ছি।’ প্রাক্তন সরকারের বিরুদ্ধে এভাবেই সরাসরি আক্রমণ শানান তিনি।

অনুষ্ঠানে বিধাননগর মহকুমা হাসপাতালের নাম পরিবর্তন করে ‘বিধাননগর মাল্টি স্পেশ্যালিটি হাসপাতাল’ করা হয়। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, দীর্ঘদিন রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো অবহেলিত ছিল। তাঁর দাবি, পশ্চিমবঙ্গের বহু মানুষ চিকিৎসার জন্য অন্য রাজ্যে যেতে বাধ্য হয়েছেন। একই সঙ্গে তিনি জানান, নতুন সরকার দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প রাজ্যে চালু হয়েছে, যার ফলে সাধারণ মানুষ উন্নত চিকিৎসার সুযোগ পাবেন।

এদিন স্বাস্থ্য পরিষেবা সম্প্রসারণে একাধিক প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ১০২ নম্বরে ফোন করলেই পরিষেবা মিলবে এমন ২০০টি নতুন অ্যাম্বুল্যান্স চালু করা হয়েছে। অন্তঃসত্ত্বা মহিলা ও নবজাতকদের জরুরি চিকিৎসাকে অগ্রাধিকার দিতেই এই উদ্যোগ বলে জানান তিনি। পাশাপাশি সরকারি হাসপাতালের রোগীদের প্রয়োজনে বেসরকারি হাসপাতালে ১০ শতাংশ শয্যা সংরক্ষণের ব্যবস্থাও চালু হয়েছে।

এছাড়া স্বাস্থ্য ভবনে একটি কেন্দ্রীয় কন্ট্রোল রুম, নদিয়ায় নতুন ড্রাগ কন্ট্রোল অফিস, পূর্ব বর্ধমান, হাওড়া (দক্ষিণ) ও পূর্ব মেদিনীপুরে আয়ুষ্মান আরোগ্য মন্দির, খণ্ডঘোষে পাবলিক হেলথ ইউনিট, জননী পোর্টাল এবং প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনারও সূচনা করেন মুখ্যমন্ত্রী। জাতীয় চিকিৎসক দিবসে স্বাস্থ্য পরিষেবা আরও শক্তিশালী করার বার্তাই তুলে ধরেন তিনি।

Related posts

Leave a Comment