বাঁকুড়া— বিজেপি কর্মীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হলেন তৃণমূলের বাঁকুড়ার ইন্দপুর ব্লকের সদ্য প্রাক্তন সভাপতি রেজাউল খান। তাঁর বিরুদ্ধে বাড়িতে হামলা, মারধর, ভাঙচুর এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগ দায়েরের পরই ইন্দপুর থানার পুলিশ তাঁকে শনিবার গ্রেপ্তার করে। রবিবার তাঁকে বাঁকুড়ার খাতড়া মহকুমা আদালতে হাজির করানো হলে আদালত তাঁকে তিন দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়।
অভিযোগকারীর দাবি, রেজাউল খান তাঁর বাড়িতে চড়াও হয়ে তাঁকে মারধর করেন এবং পরিবারের মহিলাদের শ্লীলতাহানি করেন। পাশাপাশি বাড়িতে ভাঙচুর চালানো হয় এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে পুরো পরিবারকে খুনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।
অভিযোগে আরও বলা হয়েছে, গত বিধানসভা নির্বাচনের আগে একাধিক দুর্নীতির অভিযোগে তিনি সরব হয়েছিলেন। সেই কারণেই রেজাউল খানের রোষের শিকার হতে হয়েছে বলে দাবি করেছেন অভিযোগকারী।
পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন কয়েকজন দুষ্কৃতীকে সঙ্গে নিয়ে ওই হামলা চালানো হয়েছিল বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
তবে অভিযুক্ত রেজাউল খান তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কোনও মন্তব্য করেননি। তাঁর আইনজীবী চঞ্চল রায় দাবি করেছেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মামলা করা হয়েছে এবং মিথ্যা অভিযোগ আনা হয়েছে।
আদালত অবশ্য জামিনের আবেদন খারিজ করে তাঁকে পুলিশ হেফাজতে পাঠিয়েছে। গোটা ঘটনায় ইন্দপুর এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।
