31.3 C
Kolkata
June 8, 2026
কলকাতা

উবের শাটল বন্ধের পর ভেন্ডরদের বিরুদ্ধে ক্ষতিপূরণ নিয়ে প্রতারণার অভিযোগ

নিজস্ব চিত্র

তদন্ত চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবারে’ হাজির প্রায় আড়াইশো বাস মালিক

সংবাদ কলকাতা: উবের শাটল পরিষেবা বন্ধ হওয়ার পর ক্ষতিগ্রস্ত বাস ও বাণিজ্যিক গাড়ির মালিকদের একাংশ ক্ষতিপূরণের অর্থপ্রদান নিয়ে তদন্তের দাবিতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। মুখ্যমন্ত্রী, রাজ্য পুলিশ এবং পরিবহণ দপ্তরের কাছে জমা দেওয়া একটি প্রতিনিধিত্বপত্রে তাঁরা অভিযোগ করেছেন, পরিষেবা বন্ধ হওয়ার পরে বহু মালিক এখনও প্রতিশ্রুত ক্ষতিপূরণের টাকা পাননি। ফলে চরম আর্থিক সঙ্কটের মুখে পড়তে হয়েছে বহু পরিবারকে।

প্রতিনিধিত্বপত্রে দাবি করা হয়েছে, কলকাতায় উবের শাটল পরিষেবার সম্প্রসারণের সময় বিভিন্ন ভেন্ডার ও অপারেটরদের মাধ্যমে বহু গাড়ির মালিককে নতুন বাস এবং বাণিজ্যিক গাড়ি কেনার জন্য উৎসাহ দেওয়া হয়েছিল। পরিষেবা দীর্ঘদিন চালু থাকবে এবং পর্যাপ্ত ব্যবসার সুযোগ মিলবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল বলেও দাবি করা হয়েছে। সেই আশ্বাসের ভিত্তিতেই বহু মালিক সঞ্চয়ের অর্থ বিনিয়োগ করেন এবং ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে নতুন গাড়ি কেনেন।

কিন্তু গত ২ এপ্রিল পরিষেবা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার পর পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। প্রতিনিধিত্বপত্রে বলা হয়েছে, পরিষেবা বন্ধ হওয়ার ফলে বহু গাড়ির মালিক আয়ের উৎস হারিয়েছেন। অথচ ঋণের কিস্তি, বিমা, পারমিট, কর, রক্ষণাবেক্ষণের খরচ এবং চালকদের বেতন দেওয়ার দায় তাঁদের উপর থেকেই গিয়েছে। ফলে বহু পরিবার আর্থিক ও মানসিক চাপে ভুগছে।

ক্ষতিগ্রস্ত মালিকদের অভিযোগ, পরিষেবা বন্ধ হওয়ার পরে কিছু বকেয়া ট্রিপের অর্থ পরিশোধ করা হলেও ক্ষতিপূরণ বা সমঝোতা সংক্রান্ত অর্থপ্রদান নিয়ে এখনও স্পষ্টতা নেই। তাঁদের দাবি, কিছু ভেন্ডার ক্ষতিপূরণের অর্থ পাওয়ার কথা স্বীকার করলেও অন্য অনেক ক্ষেত্রে কোনও অর্থ মালিকদের হাতে পৌঁছয়নি। এমনকি ক্ষতিপূরণ সংক্রান্ত কোনও সরকারি নথি, হিসাব, লেনদেনের বিবরণ বা আনুষ্ঠানিক তথ্যও তাঁদের সামনে তুলে ধরা হয়নি বলে অভিযোগ।

এই পরিস্থিতিতে সোমবার সল্টলেক সেক্টর ফাইভে বিজেপির রাজ্য দপ্তরে আয়োজিত মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবারে’ হাজির হন প্রায় আড়াইশো বাসমালিক। বিশেষ কারণে শুভেন্দু অধিকারী উপস্থিত থাকতে না পারলেও দলের দায়িত্বপ্রাপ্ত নেতা-কর্মীরা তাঁদের বক্তব্য শোনেন এবং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন বলে জানা গিয়েছে।

এদিকে উবের শাটেল পরিষেবা হঠাৎ বন্ধ হওয়ার কারণ নিয়েও নতুন করে জল্পনা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট মহলের একটি সূত্রের দাবি, বিধানসভা নির্বাচনের আগে পরিষেবা চালিয়ে যাওয়ার জন্য তৎকালীন শাসকদলের তরফে প্রায় ১০০ কোটি টাকার দাবি করা হয়েছিল বলে উবেরের অভ্যন্তরীণ স্তরে আলোচনা ছিল। যদিও এই অভিযোগের পক্ষে কোনও সরকারি নথি বা স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ এখনও প্রকাশ্যে আসেনি। সংশ্লিষ্ট কোনও পক্ষই আনুষ্ঠানিকভাবে এই দাবির সত্যতা স্বীকার করেনি।

তবে ক্ষতিগ্রস্ত মালিকদের বক্তব্য, পরিষেবা বন্ধ হওয়ার প্রকৃত কারণ যাই হোক না কেন, তাঁদের প্রাপ্য ক্ষতিপূরণের অর্থ দ্রুত মিটিয়ে দেওয়া প্রয়োজন। একই সঙ্গে ক্ষতিপূরণ সংক্রান্ত সমস্ত আর্থিক লেনদেনের নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত তথ্য প্রকাশ্যে আনার দাবিও জানিয়েছেন তাঁরা।

Related posts

Leave a Comment