37.2 C
Kolkata
June 7, 2026
দেশ

বামনগাছি রেলব্রিজের কাজ শুরু, দীর্ঘদিনের জট কাটায় স্বস্তি উত্তর হাওড়ার বাসিন্দাদের

হাওড়া, ৭জুন, ২০২৬ — দীর্ঘদিন ধরে আটকে থাকা উত্তর হাওড়ার বামনগাছি রেলব্রিজ প্রকল্পে অবশেষে গতি এল। রেল এবং রাজ্য সরকারের বৈঠকের পর প্রকল্প সংক্রান্ত জটিলতা কাটিয়ে রবিবার রাত থেকেই শুরু হচ্ছে সেতুর নির্মাণকাজ। একই সঙ্গে চাঁদমারি রেলব্রিজ প্রকল্পের ক্ষেত্রেও দীর্ঘদিনের ট্রাফিক সংক্রান্ত সমস্যা মিটেছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

শনিবার নবান্নে রেলমন্ত্রী Ashwini Vaishnaw এবং মুখ্যমন্ত্রী Suvendu Adhikari-র মধ্যে বৈঠক হয়। বাংলায় দীর্ঘদিন ধরে ঝুলে থাকা একাধিক রেল প্রকল্প নিয়ে সেখানে আলোচনা হয়। সেই বৈঠকের পরই বামনগাছি রেলব্রিজের কাজ শুরুর সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

কাজ শুরু হওয়ার ফলে রবিবার থেকেই বামনগাছি ব্রিজে ভারী ও মাঝারি যানবাহনের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে টোটো, রিকশা, মোটরবাইক এবং অন্যান্য হালকা যানবাহন আপাতত চলাচল করতে পারবে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী প্রায় দু’মাস ধরে সেতুর অ্যাপ্রোচ রোড নির্মাণের কাজ চলবে। এরপর মূল সেতুর কাজের সময় প্রয়োজন হলে কিছুদিনের জন্য সম্পূর্ণ ভাবে যান চলাচল বন্ধ রাখা হতে পারে।

নতুন বামনগাছি সেতুর কাজ শেষ হওয়ার পর চাঁদমারি রেলব্রিজের অসমাপ্ত কাজও দ্রুত শুরু হবে। ওই প্রকল্পের কাজ সম্পূর্ণ করতেও প্রায় দু’মাস সময় লাগতে পারে বলে জানা গিয়েছে।

এই সময়কালে যানবাহন চলাচলে কিছুটা সমস্যা তৈরি হলেও বিকল্প রাস্তার ব্যবস্থা করবে হাওড়া ট্রাফিক পুলিশ। যাতে সাধারণ মানুষের দুর্ভোগ কম হয়, সেই বিষয়ে বিশেষ পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে প্রশাসন জানিয়েছে।

উত্তর হাওড়ার বিধায়ক তথা রাজ্যের রাষ্ট্রমন্ত্রী Umesh Rai দাবি করেছেন, পূর্ববর্তী সরকারের আমলে প্রয়োজনীয় সমন্বয়ের অভাবে এই প্রকল্পগুলির কাজ দীর্ঘদিন আটকে ছিল। এখন দ্রুত কাজ সম্পূর্ণ করে উত্তর হাওড়ার মানুষকে আধুনিক ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা উপহার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, দীর্ঘদিন ধরে বামনগাছি এবং চাঁদমারি রেলব্রিজের কাজ আটকে থাকায় যাতায়াতে সমস্যা হচ্ছিল। কাজ শুরু হওয়ায় অবশেষে সেই সমস্যার স্থায়ী সমাধানের আশা তৈরি হয়েছে।

Related posts

Leave a Comment