উত্তর ২৪ পরগনা— রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ফের শিরোনামে সন্দেশখালি। এবার শেখ শাহজাহান ঘনিষ্ঠ এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম শ্রীদাম হাওলি। তিনি সন্দেশখালি ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি পদে ছিলেন বলে জানা গিয়েছে। Trinamool Congress-এর এই নেতাকে গভীর রাতে গ্রেপ্তার করে সন্দেশখালি থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ২০১৫ সালে বেআইনিভাবে জমি দখলের অভিযোগ ছিল শ্রীদাম হাওলির বিরুদ্ধে। জমি দখলকে কেন্দ্র করে মারধরের ঘটনাতেও তাঁর নামে মামলা দায়ের হয়েছিল। অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় প্রভাব বিস্তার করে চলছিলেন তিনি। শেখ শাহজাহানের ঘনিষ্ঠ হওয়ার কারণেই এতদিন পুলিশ তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারেনি বলে স্থানীয় সূত্রের দাবি।
২০২৪ সালে রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালির নাম দেশজুড়ে চর্চায় উঠে আসে। সেই সময় শেখ শাহজাহানের বিরুদ্ধে জমি দখল, দুর্নীতি এবং মহিলাদের উপর নির্যাতনের অভিযোগ ওঠে। তদন্তে নামে কেন্দ্রীয় সংস্থা। সেই আবহে শাহজাহানের ঘনিষ্ঠদের বিরুদ্ধেও একাধিক অভিযোগ সামনে এসেছিল।
এদিকে, স্বরূপনগর থেকেও এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত নারায়ণ কর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পদে ছিলেন বলে জানা গিয়েছে। অভিযোগ, ২০২১ সালের বিধানসভা ভোট পরবর্তী হিংসার ঘটনায় তাঁর নাম জড়িয়েছিল। দীর্ঘদিন ধরেই তিনি পুলিশের নজরে ছিলেন।
পুলিশ সূত্রের দাবি, নতুন সরকারের আমলে প্রশাসনকে ‘ফ্রি-হ্যান্ড’ দেওয়া হয়েছে। তার জেরেই জেলায় জেলায় অভিযান চালিয়ে পুরনো মামলায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হচ্ছে। যদিও এই নিয়ে এখনও তৃণমূল কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
