নর্থ ইংডং, ২৬ অক্টোবর: রাতের অন্ধকারে জঙ্গল থেকে বেরিয়ে ধানখেতে ঢুকে পড়ল ডায়া গণেশ (Dia Ganesh)। রবিবার রাতে গরুমারা জাতীয় উদ্যান (Gorumara National Park) সংলগ্ন নর্থ ইংডংয়ে এই দাঁতাল হাতির হানায় আতঙ্ক ছড়ায়। দীর্ঘক্ষণ ধানের চারা খেতে থাকে হাতিটি। বাসিন্দারা তাড়ানোর চেষ্টা করেও সফল হননি। শেষ পর্যন্ত বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হাতিটিকে জঙ্গলে ফিরিয়ে দেন।
ডায়া গণেশের ডান দিকে দাঁত রয়েছে, কিন্তু বাঁ দিকের দাঁতটি নেই। এই বিশেষ বৈশিষ্ট্যের জন্যই তার এমন নাম। বন দপ্তর এবং স্থানীয় বাসিন্দাদের কাছে হাতিটি পরিচিত। তাকে হিংস্র হিসেবেও চিহ্নিত করা হয়েছে। হাতিটি ধানখেতে ঢুকেছে খবর ছড়াতেই তাকে দেখতে ভিড় করেন অনেকে।

স্থানীয় সূত্রে খবর, মূর্তি (Murti) সংলগ্ন বনাঞ্চলে বসতি এলাকার কাছেও হাতিটির আনাগোনা দেখা যাচ্ছে। সন্ধ্যা নামার পর হাতির হানার আশঙ্কায় জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দাদের রাত কাটছে উদ্বেগে।
বাসিন্দাদের অভিযোগ, প্রায় প্রতিদিন রাতে হাতি ধানখেতে ঢুকে ফসলের ক্ষতি করছে। এতে আর্থিক সমস্যায় পড়ছেন ক্ষুদ্র কৃষকেরা। বনকর্মীদের তৎপরতায় আপাতত স্বস্তি মিললেও ডায়া গণেশ ফের ফিরে আসতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।
