May 18, 2026
দেশ

রাস্তার উপর নামাজ নয়, শিফটে পড়তে হবে: কড়া বার্তা যোগীর

লখনউ — রাস্তার উপর নামাজ পড়া যাবে না। প্রয়োজনে শিফটে নামাজ পড়তে হবে। এই বার্তাই স্পষ্ট ভাষায় দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, প্রশাসন প্রথমে বোঝানোর চেষ্টা করবে। তাতেও কাজ না হলে অন্য পথ নেওয়া হবে।

সমাজমাধ্যমে একটি পোস্ট করে যোগী লেখেন, ‘নামাজ পড়তে হলে শিফটে পড়ুন। ভালবেসে মানলে ভাল, না মানলে অন্য পদ্ধতি নেওয়া হবে।’

লখনউয়ে একটি জনসভা থেকেও একই বার্তা দেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, উত্তর প্রদেশে রাস্তায় নামাজ পড়া হয় কি না, তা নিয়ে অনেকেই প্রশ্ন করেন। তাঁর দাবি, এখন আর সে ধরনের ঘটনা ঘটে না।

যোগীর বক্তব্য, রাস্তা চলাচলের জন্য তৈরি। সেখানে ধর্মীয় জমায়েত করে সাধারণ মানুষের যাতায়াত ব্যাহত করার অধিকার কারও নেই। তিনি বলেন, ‘রাস্তা কি অবরোধ করার জন্য? কেউ কি মোড়ে দাঁড়িয়ে ভিড় করে যান চলাচল বন্ধ করতে পারে?’

মুখ্যমন্ত্রী আরও জানান, অনেকেই প্রশাসনকে বলেছেন, নামাজে অংশ নেওয়া মানুষের সংখ্যা বেশি হওয়ায় সমস্যা তৈরি হয়। তার উত্তরে সরকার জানিয়েছে, শিফটে নামাজ পড়ার ব্যবস্থা করা যেতে পারে। বাড়িতে বা নির্দিষ্ট জায়গায় যতটা সম্ভব মানুষকে সামলানোর পরামর্শও দেন তিনি।

যোগীর দাবি, সরকার কাউকে নামাজ পড়া থেকে আটকাতে চায় না। তবে রাস্তার উপর নামাজের অনুমতি দেওয়া হবে না। আইন সবার জন্য সমান বলেও মন্তব্য করেন তিনি।

রাজনৈতিক মহলের মতে, ধর্মীয় জমায়েত ও জনপরিসর ব্যবহারের প্রশ্নে যোগী আদিত্যনাথের এই মন্তব্য নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সময়ও একই ইস্যুতে তৃণমূল সরকারকে নিশানা করেছিলেন তিনি।

Related posts

Leave a Comment