May 18, 2026
দেশ

কেরলের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ ভিডি সতীশনের, শুভেচ্ছা মোদীর

তিরুবনন্তপুরম — কেরলের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কংগ্রেস নেতা ভিডি সতীশন। সোমবার তিরুবনন্তপুরমের সেন্ট্রাল স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল রাজেন্দ্র আরলেকর। প্রায় ১০ বছর পর ফের কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট বা ইউডিএফ সরকার ক্ষমতায় ফিরল কেরলে।

শপথগ্রহণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজমাধ্যমে ভিডি সতীশনকে শুভেচ্ছা জানান। তিনি লেখেন, ‘কেরলের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় ভিডি সতীশনজিকে আন্তরিক অভিনন্দন। তাঁর সফল কার্যকালের জন্য শুভেচ্ছা জানাই। মানুষের প্রত্যাশা পূরণে কেন্দ্র সরকার নতুন কেরল সরকারকে সব রকম সহযোগিতা করবে।’

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা, বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, রাজ্য বিজেপি সভাপতি রাজীব চন্দ্রশেখর-সহ একাধিক বর্ষীয়ান নেতা। কর্নাটক, তেলঙ্গানা এবং হিমাচল প্রদেশের কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও অনুষ্ঠানে যোগ দেন।

ভিডি সতীশন ঈশ্বরের নামে শপথ নেন। তাঁর নেতৃত্বাধীন ২১ সদস্যের মন্ত্রিসভায় কংগ্রেসের ১২ জন, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের ৫ জন এবং অন্যান্য শরিক দলের প্রতিনিধিরা জায়গা পেয়েছেন।

রাজনৈতিক মহলের মতে, দীর্ঘদিন পরে কেরলে কংগ্রেস নেতৃত্বাধীন জোটের ক্ষমতায় ফেরা জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। বিশেষ করে দক্ষিণ ভারতে বিরোধী শক্তির সংগঠনকে নতুন গতি দিতে পারে এই ফলাফল।

Related posts

Leave a Comment