30 C
Kolkata
August 31, 2026
দেশ

নিউ ইয়র্কে ভাগবতের বার্তা, ‘মুসলিমদের যে তাড়াতে চায়, সে হিন্দুই নয়’

নিউ ইয়র্ক: আরএসএসের শতবর্ষ পূর্তি উদ্‌যাপন উপলক্ষে বিদেশ সফরে গিয়ে নিউ ইয়র্কে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তা দিলেন সংগঠনের প্রধান মোহন ভাগবত। শনিবার ম্যানহাটনের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে আয়োজিত ‘ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশন’ অনুষ্ঠানে প্রায় এক ঘণ্টার বক্তব্যে ভারতের বহুত্ববাদী সংস্কৃতি ও সহাবস্থানের ঐতিহ্যের কথা তুলে ধরেন তিনি। ভাগবতের কথায়, ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারতের মজ্জায় মিশে রয়েছে।’ এই ঐতিহ্য সকলের সম্মান করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে ভারতের মুসলিম সম্প্রদায়কে নিয়ে ভাগবতের মন্তব্য বিশেষ তাৎপর্য তৈরি করেছে। তিনি বলেন, কোনও হিন্দু যদি মনে করেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তা হলে তিনি আর হিন্দু থাকেন না। মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে তাঁর কথোপকথনের প্রসঙ্গ তুলে ধরে সংঘপ্রধান জানান, তাঁদের প্রশ্ন ছিল, হিন্দু সংগঠন হিসেবে আরএসএস কি মুসলিমদের দেশ থেকে তাড়িয়ে দিতে চায়? জবাবে তিনি স্পষ্ট করে দিয়েছিলেন, হিন্দুত্বের অর্থ তা নয়।

ভাগবতের বক্তব্যে উঠে আসে ‘আমি এবং আমার’ থেকে ‘আমরা এবং আমাদের’ ভাবনায় যাওয়ার আহ্বানও। তাঁর মতে, কোনও সমস্যার সমাধান একক স্বার্থের মধ্যে নেই। বরং সকলকে সঙ্গে নিয়ে চলার মানসিকতাই সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে। ভারত ঐতিহাসিক ভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের জন্য আশ্রয়ের জায়গা হয়ে উঠেছে বলেও দাবি করেন তিনি।

তাঁর এই বক্তব্য ঘিরে রাজনৈতিক প্রতিক্রিয়াও দেখা দিয়েছে। রাজ্যসভা সাংসদ কপিল সিব্বল সমাজমাধ্যমে ভাগবতের সমালোচনা করে বলেন, বিদেশে গিয়ে ভালো কথা বললেই হবে না, দেশের মাটিতেও সেই কথার প্রতিফলন ঘটাতে হবে। তাঁর বক্তব্য, শুধু মুখের কথায় নয়, কাজের মাধ্যমেই অবস্থান প্রমাণ হয়।

অন্যদিকে শিন্দে শিবসেনার সাংসদ শাইনা এনসি ভাগবতের বক্তব্যকে স্বাগত জানিয়েছেন। তাঁর মতে, সংঘপ্রধান সকলের প্রতি ন্যায়বিচারের কথা বলেছেন, কিন্তু কোনও সম্প্রদায়ের তোষণের কথা বলেননি।

এর আগে ভাগবতের নিউ ইয়র্কের কর্মসূচি নিয়ে আপত্তি জানিয়েছিলেন শহরের মেয়র জোহরান মামদানি। তাঁর বক্তব্য ছিল, ভারত একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ও বহুত্ববাদী সমাজ—এই ধারণাই তাঁর পরিবারের কাছ থেকে তিনি পেয়েছেন। তবে অনুষ্ঠান বাতিল করার ক্ষমতা নিউ ইয়র্ক প্রশাসনের নেই বলেও জানিয়েছিলেন তিনি।

প্রবাসী ভারতীয়দের উদ্দেশেও দায়িত্বশীল হওয়ার বার্তা দেন ভাগবত। তিনি বলেন, আমেরিকায় বসবাস ও উপার্জন করার কারণে সেই দেশের প্রতিও তাঁদের আচরণ ও মনোভাব যথাযথ হওয়া উচিত। সব মিলিয়ে সংঘের শতবর্ষ উদ্‌যাপনের সূচনাতেই ভাগবতের নিউ ইয়র্কের বক্তব্য ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Related posts

Leave a Comment