June 26, 2026
দেশ

রাম মন্দির অনুদান কেলেঙ্কারি: বিরোধীদের তোপ যোগীর, SIT-কে প্রমাণ দেওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর

দেওরিয়া, ২৬ জুন: অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের অনুদান তছরুপের অভিযোগ ঘিরে রাজনৈতিক তরজা আরও তীব্র হল। শুক্রবার দেওরিয়ায় এক জনসভা থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিরোধীদের কড়া আক্রমণ করে বলেন, ভিত্তিহীন অভিযোগ না তুলে যার কাছে প্রমাণ রয়েছে, তিনি যেন তা বিশেষ তদন্তকারী দল (SIT)-এর হাতে তুলে দেন। সরকার এই মামলায় ‘জিরো টলারেন্স’ নীতিতে তদন্ত চালাচ্ছে বলেও তিনি জানান।

যোগী আদিত্যনাথ বলেন, সরকার প্রথম দিন থেকেই স্পষ্ট জানিয়েছে যে তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আনা হবে। তিনি বিরোধীদের উদ্দেশে বলেন, প্রমাণ ছাড়া রামভক্তদের বিশ্বাস নিয়ে রাজনীতি করা উচিত নয়। যদি কারও কাছে তথ্য বা প্রমাণ থাকে, তাহলে তা SIT-এর সামনে পেশ করা হোক।

মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, যেসব রাজনৈতিক দল অতীতে রাম মন্দির নির্মাণের বিরোধিতা করেছিল, তারাই এখন অযোধ্যাকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরির চেষ্টা করছে। কংগ্রেসকে দুর্নীতিগ্রস্ত দল বলে কটাক্ষ করার পাশাপাশি দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও নিশানা করেন তিনি। যোগীর দাবি, বিজেপি যেমন অযোধ্যার উন্নয়ন করেছে, তেমন কাজ যদি দিল্লিতে হত, তবে রাজধানীর চেহারাও বদলে যেত।

মহররম প্রসঙ্গেও এদিন মন্তব্য করেন যোগী আদিত্যনাথ। তিনি জানান, উত্তরপ্রদেশে শান্তিপূর্ণভাবে মহররম পালিত হচ্ছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক সভাপতি অলোক কুমার সরকারের পদক্ষেপকে সমর্থন জানিয়ে বলেন, ট্রাস্টের আবেদনের ভিত্তিতেই SIT গঠন হয়েছে এবং অভিযুক্তদের চিহ্নিত করার পর দ্রুত এফআইআর দায়ের করা হয়েছে। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠকও বলেন, অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিজেপি সাংসদ দিনেশ শর্মার দাবি, বিরোধীরা বিষয়টি রাজনৈতিক রূপ দেওয়ার আগেই ট্রাস্ট নিজেই আইনি পদক্ষেপ করেছে।

অন্যদিকে শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউত অভিযোগ করেন, রাম মন্দির ট্রাস্ট থেকে আরও বড় অঙ্কের অর্থ আত্মসাৎ হয়েছে এবং সেই অর্থ রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করা হয়েছে। তিনি আরও দাবি করেন, মূল অভিযুক্তদের একজন এখনও ট্রাস্টের সঙ্গে যুক্ত রয়েছেন।

এদিকে সুপ্রিম কোর্টে নতুন একটি জনস্বার্থ মামলা দায়ের করে সিবিআই-নেতৃত্বাধীন SIT গঠনের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে আদালতের তত্ত্বাবধানে তদন্তেরও আবেদন করা হয়েছে।

উল্লেখ্য, সমাজবাদী পার্টির প্রাক্তন বিধায়ক পবন পাণ্ডে অভিযোগ করেছিলেন, রাম মন্দিরের অনুদানের ৭ থেকে ৭.৫ কোটি টাকা আত্মসাৎ হয়েছে। সেই অভিযোগের পর ১৪ জুন তিন সদস্যের SIT গঠন করে উত্তরপ্রদেশ সরকার। SIT-এর প্রাথমিক তদন্তের ভিত্তিতে ২৫ জুন ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় এফআইআর দায়ের হয়। মামলায় অনুকল্প মিশ্র, লাভকুশ মিশ্র, অবিনাশ শুক্লা, তিন্নু যাদব, মনীশ যাদব-সহ একাধিক ব্যক্তির নাম রয়েছে।

Related posts

Leave a Comment