33 C
Kolkata
May 25, 2026
রাজ্য

সপ্তাহেই স্বস্তির বৃষ্টি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়ের পূর্বাভাস

কলকাতা, ২৫ মে — তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। চলতি সপ্তাহেই কলকাতা এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এর ফলে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও মনে করছেন আবহবিদেরা।

আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার এবং শুক্রবার কলকাতা ও হাওড়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার থেকেই হুগলি ও উত্তর ২৪ পরগনায় ঝড়বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার এই দুই জেলায় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।

দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.১ ডিগ্রি বেশি। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী তিন দিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রার তেমন পরিবর্তন না হলেও, তার পরবর্তী তিন দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গেও আগামী বৃহস্পতিবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আবহবিদদের মতে, দক্ষিণ বিহার ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি বিহার থেকে উপকূলীয় অন্ধ্রপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যা ঝাড়খণ্ড ও ওড়িশার উপর দিয়ে গিয়েছে। এর জেরেই বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে, ফলে উত্তর ও দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

Related posts

Leave a Comment