29 C
Kolkata
August 29, 2026
রাজ্য

পঞ্চায়েত আইনে বড় বদল, প্রধানদের আর্থিক ক্ষমতা কেড়ে নেওয়ার পথে রাজ্য

কলকাতা — রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে বড় পরিবর্তনের পথে হাঁটছে শুভেন্দু অধিকারীর সরকার। আসন্ন বিধানসভা অধিবেশনে পঞ্চায়েত আইনে সংশোধনী বিল আনা হবে বলে জানিয়েছেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, নতুন আইনের মাধ্যমে গ্রাম পঞ্চায়েত প্রধানদের আর্থিক ক্ষমতা প্রত্যাহার করে সেই দায়িত্ব সরকারি আধিকারিকদের হাতে তুলে দেওয়া হবে।

দিলীপ ঘোষ জানান, পূর্বতন তৃণমূল সরকারের আমলে আবাস যোজনা, ১০০ দিনের কাজ-সহ একাধিক প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠেছিল। অধিকাংশ ক্ষেত্রেই পঞ্চায়েত প্রধানদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ সামনে আসে। সেই অভিজ্ঞতা থেকেই আর্থিক লেনদেনের দায়িত্ব প্রশাসনিক আধিকারিকদের হাতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট স্তরের আধিকারিকরাই ভবিষ্যতে এই দায়িত্ব পালন করবেন।

পঞ্চায়েত ব্যবস্থার পুনর্গঠনের কথাও ঘোষণা করেছেন পঞ্চায়েতমন্ত্রী। তাঁর দাবি, বর্তমানে অনেক পঞ্চায়েতে সদস্য সংখ্যা অস্বাভাবিকভাবে বেশি, আবার কোথাও অত্যন্ত কম। প্রশাসনিক ভারসাম্য আনতে রাজ্যজুড়ে সাড়ে চার হাজারের বেশি গ্রাম পঞ্চায়েত গঠন করা হবে।

দিলীপ ঘোষ আরও জানান, শুধু পঞ্চায়েত নয়, ভবিষ্যতে ব্লক, পুরসভা, বিধানসভা এবং লোকসভার আসন পুনর্বিন্যাসের দিকেও এগোতে চায় রাজ্য সরকার। কলকাতা পুরসভায় ওয়ার্ড সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্তের মতোই অন্যান্য ক্ষেত্রেও প্রশাসনিক পরিকাঠামো সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।

Related posts

Leave a Comment