অবসরপ্রাপ্ত সাংবাদিকদের পেনশন দ্বিগুণ করল রাজ্য সরকার। এতদিন মাসে আড়াই হাজার টাকা করে পেনশন পেতেন অবসরপ্রাপ্ত সাংবাদিকরা। এবার থেকে সেই পেনশনের পরিমাণ বাড়িয়ে ৫ হাজার টাকা করা হল। এর আগে বাজেটে এই পেনশন বৃদ্ধির ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। মঙ্গলবার নবান্ন থেকে নতুন পেনশন প্রকল্প চালুর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
২০২৬ সালের ১ সেপ্টেম্বর থেকে নতুন হারে পেনশন কার্যকর হবে বলে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, আগের প্রকল্পে প্রায় ১৫০-১৫৪ জন অবসরপ্রাপ্ত সাংবাদিক এই সুবিধা পেতেন। নতুন ব্যবস্থায় আরও বেশি সংখ্যক যোগ্য সাংবাদিককে এই প্রকল্পের আওতায় আনার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার।
শুভেন্দু অধিকারী জানান, নতুন প্রকল্পে বিভিন্ন শ্রেণির গণমাধ্যমকর্মীরা আবেদন করতে পারবেন। বিশেষ করে নিউজ ডেস্কে কাজ করা এমন সাংবাদিক, যাঁদের সাধারণত অ্যাক্রিডিটেশন কার্ড থাকে না, তাঁরাও এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। যোগ্যতার ভিত্তিতে আবেদনকারীদের নির্বাচন করা হবে এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার কথা জানিয়েছে সরকার।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, সাংবাদিকরা সাধারণত বেসরকারি সংস্থায় কাজ করায় অবসরের পর অনেক ক্ষেত্রে পেনশনের মতো সামাজিক সুরক্ষা পান না। সেই বিষয়টি মাথায় রেখেই অবসরপ্রাপ্ত সাংবাদিকদের সামাজিক সুরক্ষার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর দাবি, মাসে আড়াই হাজার টাকা বর্তমান সময়ে একজন অবসরপ্রাপ্ত ব্যক্তির ভরণপোষণের জন্য যথেষ্ট নয়। তাই পেনশনের পরিমাণ দ্বিগুণ করে ৫ হাজার টাকা করা হয়েছে।
এদিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার আওতায় থাকা সাংবাদিকদের হাতেও স্বাস্থ্য বিমার কার্ড তুলে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী জানান, আয়ুষ্মান ভারত এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার মাধ্যমে রাজ্যের প্রায় ১৯০০টি হাসপাতালে চিকিৎসার সুযোগ পাওয়া যাবে। দেশের প্রায় ৩৮ হাজার হাসপাতালেও এই সুবিধা মিলবে বলে জানান তিনি।
মুখ্যমন্ত্রী আরও জানান, যাঁরা ইতিমধ্যেই আয়ুষ্মান ভারতে নথিভুক্ত রয়েছেন, তাঁদের আলাদা করে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার কার্ড নেওয়ার প্রয়োজন নেই। তবে যাঁরা আয়ুষ্মান ভারতের আওতায় আসতে পারেননি, তাঁদের বিশেষভাবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার কার্ডের আওতায় আনা হয়েছে। যাঁরা ইতিমধ্যেই আবেদন করেছেন তাঁরা কার্ড পাবেন এবং ভবিষ্যতে যাঁরা আবেদন করবেন, তাঁরাও যোগ্যতা অনুযায়ী এই সুবিধা পাবেন।
