ডিজিটাল রেশন কার্ড সংক্রান্ত একাধিক সমস্যার কথা তুলে ধরে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের সচিবের কাছে চিঠি দিল অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। চিঠিতে সংগঠনের দাবি, পুরনো ডেটাবেসের ত্রুটির কারণে বহু প্রকৃত ও দরিদ্র উপভোক্তা রেশন পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এর জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তে রেশন ডিলারদেরও সমস্যার মুখে পড়তে হচ্ছে।
সংগঠনের জাতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু চিঠিতে উল্লেখ করেছেন, ডিজিটাল রেশন কার্ডের ডেটাবেস তৈরির সময় বহু পরিবারকে যৌথ পরিবার হিসেবে নথিভুক্ত করা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে অনেক পরিবার আলাদা হয়ে গেলেও সরকারি নথিতে এখনও তাঁরা একই পরিবারের সদস্য হিসেবে রয়ে গিয়েছেন।
ফেডারেশনের অভিযোগ, দীর্ঘদিন ধরে ‘ফ্যামিলি স্প্লিটিং’ বা পরিবার বিভাজনের প্রক্রিয়া কার্যত বন্ধ কিংবা অত্যন্ত সীমিত। ফলে ফর্ম-১৪ বা অনলাইন হাউসহোল্ড ডিভিশনের মাধ্যমে পৃথক ডিজিটাল রেশন কার্ড করার সুযোগ পাচ্ছেন না সাধারণ মানুষ।
চিঠিতে আরও বলা হয়েছে, পুরনো যৌথ পরিবারের তথ্যের ভিত্তিতে স্বয়ংক্রিয় যাচাই ব্যবস্থায় পুরো পরিবারকে একটি আর্থিক ইউনিট হিসেবে বিবেচনা করা হচ্ছে। ফলে পরিবারের কোনও একজন সদস্য আর্থিকভাবে সচ্ছল হওয়ায় তাঁর রেশন সুবিধা বাতিল হলে একই প্রোফাইলে থাকা অন্যান্য দরিদ্র ও যোগ্য সদস্যদের রেশন কার্ডও একসঙ্গে নিষ্ক্রিয় বা বাতিল হয়ে যাচ্ছে। এতে প্রকৃত উপভোক্তারাও খাদ্য নিরাপত্তার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ।
ফেডারেশনের দাবি, এর সরাসরি প্রভাব পড়ছে রেশন দোকানগুলিতে। কার্ড বাতিল হওয়ায় গ্রাহকেরা রেশন না পেয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন ডিলারদের উপর। অথচ এই প্রযুক্তিগত ত্রুটি বা প্রশাসনিক সিদ্ধান্তের সঙ্গে ডিলারদের কোনও সম্পর্ক নেই। ফলে মাঠপর্যায়ে অযথা হেনস্থার শিকার হতে হচ্ছে রেশন ডিলারদের বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
