কলকাতা: রবিবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি ও মেঘলা আকাশের দেখা মিলেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার ঝড়বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও মঙ্গলবার থেকে ফের বাড়বে বৃষ্টির দাপট। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের পাহাড় ও সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা বর্তমানে সাগরদ্বীপ হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্ত এবং তার সঙ্গে যুক্ত অক্ষরেখা। এই আবহাওয়াগত পরিস্থিতির জেরেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে।
সোমবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বুধবার হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও ভারী বৃষ্টি হতে পারে।
শুক্রবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টি চলতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে আপাতত মৎস্যজীবীদের জন্য কোনও বিশেষ সতর্কতা জারি করা হয়নি।
অন্যদিকে, উত্তরবঙ্গে সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে কমলা সতর্কতা জারি হয়েছে। এই জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও বিক্ষিপ্ত বর্ষণ অব্যাহত থাকবে।
