কলকাতা:ফুটবলপ্রেমীদের জন্য এবার বাড়তি চমক। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে অফিশিয়াল হাফটাইম শো। রবিবার (১৯ জুলাই) নিউ ইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা এই অনুষ্ঠানে এক মঞ্চে পারফর্ম করবেন বিশ্বের একাধিক জনপ্রিয় সংগীত তারকা।
এই ঐতিহাসিক হাফটাইম শোয়ে থাকছেন পপ তারকা ম্যাডোনা, শাকিরা, জাস্টিন বিবার এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস। পাশাপাশি পারফর্ম করবেন আফ্রিকার খ্যাতনামা শিল্পী বার্না বয় এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্কেস্ট্রা কন্ডাক্টর গুস্তাভো দুদামেল।
ফিফা জানিয়েছে, এই বিশেষ অনুষ্ঠানের কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন। ফুটবল এবং সংগীতকে এক সুতোয় বেঁধে বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে এক অনন্য অভিজ্ঞতা উপহার দেওয়াই এই অনুষ্ঠানের লক্ষ্য। বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সম্প্রচারকারী সংস্থার মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে হাফটাইম শো।
শুধু বিনোদন নয়, এই আয়োজনের সঙ্গে জড়িয়ে রয়েছে সামাজিক বার্তাও। ফিফার দাবি, এই হাফটাইম শো FIFA Global Citizen Education Fund-কে সমর্থন করবে। এই উদ্যোগের লক্ষ্য বিশ্বের বিভিন্ন প্রান্তের শিশুদের শিক্ষা ও ফুটবলের সুযোগ আরও সহজলভ্য করে তোলা।
ফিফার মতে, ফুটবল, সংগীত এবং সামাজিক দায়বদ্ধতাকে একসঙ্গে তুলে ধরতেই এই নতুন উদ্যোগ। সেই কারণেই ২০২৬ সালের বিশ্বকাপ ফাইনাল ইতিহাসে প্রথমবারের মতো আনুষ্ঠানিক হাফটাইম শোর সাক্ষী হতে চলেছে।
