সংবাদ কলকাতা: ভিআইপি রোডে ফের ভয়াবহ পথ দুর্ঘটনা। মঙ্গলবার গভীর রাতে কেষ্টপুর এলাকায় পিছন দিক থেকে একটি লরির ধাক্কায় মৃত্যু হল ৬৫ বছরের এক বৃদ্ধের। ঘটনায় গুরুতর জখম হয়েছেন অ্যাপ মোটরবাইকের চালক। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ভিআইপি রোডে ব্যারিকেড ও গার্ডরেল ফেলে পথ অবরোধ করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগও উঠেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রাজা রথি (৬৫)। তাঁর বাড়ি নারায়ণতলা এলাকায়। মঙ্গলবার রাতে অ্যাপ মোটরবাইকে চড়ে বড়বাজার থেকে বাড়ি ফিরছিলেন তিনি। উল্টোডাঙা থেকে বিমানবন্দরমুখী ফ্ল্যাঙ্কে কেষ্টপুরের কাছে একটি গার্ডরেল পাশ কাটিয়ে যাওয়ার সময় পিছন থেকে আসা একটি লরি মোটরবাইকটিকে সজোরে ধাক্কা মারে।
ধাক্কার তীব্রতায় বাইক থেকে চালক ও আরোহী রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় পিছনের আসনে থাকা রাজা রথির। গুরুতর জখম হন মোটরবাইক চালক শিবেশ ঝাঁ। তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই কেষ্টপুরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। ভিআইপি রোডে গার্ডরেল ও ব্যারিকেড ফেলে শুরু হয় অবরোধ। বাগুইআটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ ওঠে। স্থানীয়দের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। প্রথমে স্থানীয়দের সঙ্গে কথা বলে অবরোধ তোলার চেষ্টা করেন পুলিশ আধিকারিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় পরে পুলিশ জোর করে উত্তেজিত জনতাকে সরিয়ে দেয়। দীর্ঘ চেষ্টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্থানীয়দের অভিযোগ, ভিআইপি রোডের ওই অংশে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তাঁদের দাবি, রাস্তার মাঝে অপরিকল্পিতভাবে ব্যারিকেড ও গার্ডরেল বসানোর কারণেও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। ক্ষোভে বাসিন্দারা একাধিক গার্ডরেল সরিয়ে রাস্তার উপর ফেলে দেন।
দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ভিআইপি রোডে যান চলাচল ব্যাহত হয়। লরিটি ও দুর্ঘটনাগ্রস্ত মোটরবাইক নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে দুর্ঘটনাটি ঘটল এবং গার্ডরেলের অবস্থানের সঙ্গে এর কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
previous post
