সংবাদ কলকাতা: আগামী জানুয়ারি মাসে কলকাতার নিউটাউনে অনুষ্ঠিত হতে চলেছে ১৯তম প্রবাসী ভারতীয় সম্মেলন। এই প্রথম পশ্চিমবঙ্গে আয়োজিত হতে চলেছে দেশের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। বুধবার দিল্লিতে সম্মেলনের পোর্টাল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানকে সেরার সেরা করে তোলার চ্যালেঞ্জও নিয়েছেন তিনি।
পোর্টাল উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী বলেন, ‘মোদিজির মন্ত্র, কথা কম, কাজ বেশি। আমরা তা করে দেখাতে চাই।’ তাঁর আশা, সম্মেলনে যোগ দিতে আসা প্রবাসী ভারতীয়রা কলকাতা থেকে এমন অভিজ্ঞতা নিয়ে ফিরবেন, যা দেশের অন্য কোনও শহরে তাঁরা পাননি। মুখ্যমন্ত্রীর কথায়, ‘তাঁরা ঘুরে যাওয়ার পর যখন বলবেন, সব জায়গার থেকে কলকাতার অভিজ্ঞতা সেরা, তখনই আমাদের আয়োজন সার্থক হবে।’
এই সম্মেলনে বাংলা-সহ দেশের বিভিন্ন রাজ্যের প্রবাসী ভারতীয়রা যোগ দেবেন। তাঁদের সামনে বাংলার ইতিহাস, সংস্কৃতি, সাহিত্য এবং পর্যটনকে তুলে ধরার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী বলেন, দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, কলকাতার নানা ঐতিহাসিক ও ধর্মীয় স্থান ঘুরে দেখার জন্য প্রবাসীদের আমন্ত্রণ জানানো হবে। স্বামী বিবেকানন্দের জন্মভূমি কলকাতার ঐতিহ্যও তুলে ধরতে চান তিনি।
বাংলায় এত দিন কেন এই সম্মেলন হয়নি, তা নিয়েও রাজনৈতিক বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, দীর্ঘ ৪৯ বছর কেন্দ্র ও রাজ্যে একই সরকার না থাকায় এমন বড় অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ দেখা যায়নি। তবে গণতন্ত্রে কেন্দ্র ও রাজ্যে একই সরকার থাকা বাধ্যতামূলক নয় বলেও মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, ‘আগে আমাদের সব ছিল। শুধু ভিশন ছিল না।’
কলকাতায় এই সম্মেলন আয়োজনের সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আন্তর্জাতিক যোগ দিবসের আয়োজনেও রাজ্যে বিপুল সংখ্যক মানুষ অংশ নিয়েছিলেন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই প্রবাসী ভারতীয় সম্মেলনকে সফল করার প্রস্তুতি চলছে।
বাংলার মনীষীদের অবদান এবং সাংস্কৃতিক ঐতিহ্যের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো ব্যক্তিত্বের জন্ম ও কর্মের সঙ্গে বাংলার গভীর সম্পর্কের কথা উল্লেখ করেন তিনি। তাঁর দাবি, সংস্কৃতি, সাহিত্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে বাংলা বিশেষভাবে সমৃদ্ধ।
এ বার প্রবাসী ভারতীয় সম্মেলনের মঞ্চে সেই বাংলাকেই বিশ্বের সামনে তুলে ধরতে চাইছে রাজ্য সরকার। দেশ-বিদেশের অতিথিদের কাছে কলকাতার ভাবমূর্তি আরও উজ্জ্বল করাই এখন সরকারের অন্যতম লক্ষ্য। আয়োজনের প্রস্তুতি কতটা সফল হয়, সেদিকেই নজর থাকবে।
Convert to PDF
