সংবাদ কলকাতা: বেটিং ও জুয়া সংক্রান্ত মোট ১২৯টি ওয়েবসাইট বন্ধের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। দাবি করা হয়েছিল, আদালতের নির্দেশের ভিত্তিতেই এই পদক্ষেপ করা হয়েছে। কিন্তু সেই দাবির সত্যতা নিয়েই এবার বড়সড় প্রশ্ন উঠল। সংবাদসংস্থা রয়টার্সের এক অনুসন্ধানী রিপোর্টে দাবি করা হয়েছে, ওয়েবসাইট বন্ধের নির্দেশ দিতে টেলিকম দপ্তর যে দুই হাই কোর্টের নির্দেশের নথি ব্যবহার করেছে, সেগুলি আসলে জাল। অর্থাৎ, আদালতের নির্দেশের নামে ভুয়ো নথি দেখিয়েই একের পর এক ওয়েবসাইট বন্ধ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় ইতিমধ্যেই আইনি পদক্ষেপ শুরু হয়েছে।
রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের ২১ জুলাই এবং ২ সেপ্টেম্বর দুটি পৃথক নির্দেশ জারি করে কেন্দ্রীয় টেলিকম দপ্তর। প্রথম নির্দেশে ৩৪টি এবং দ্বিতীয় নির্দেশে ৯৫টি ওয়েবসাইট বন্ধের কথা বলা হয়। সব মিলিয়ে ১২৯টি ওয়েবসাইটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারি ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশিকাগুলির সঙ্গে আদালতের নির্দেশের কপিও যুক্ত করা হয়েছিল। প্রথম ক্ষেত্রে রাজস্থান হাই কোর্ট এবং দ্বিতীয় ক্ষেত্রে এলাহাবাদ হাই কোর্টের নির্দেশের উল্লেখ ছিল। কিন্তু রয়টার্সের অনুসন্ধানে দাবি, ওই দুই আদালত এমন কোনও নির্দেশই দেয়নি।
বিষয়টি যাচাই করতে সংশ্লিষ্ট দুই হাই কোর্টের সঙ্গে যোগাযোগ করেছিল সংবাদসংস্থা। রাজস্থান হাই কোর্টের রেজিস্ট্রার জানিয়েছেন, তাঁদের আদালতের নামে প্রচারিত নির্দেশনামাটি ভুয়ো বলে মনে হচ্ছে। আদালতের নিজস্ব সার্ভারেও এমন কোনও নির্দেশের অস্তিত্ব পাওয়া যায়নি। ফলে সরকারি নির্দেশের ভিত্তি নিয়েই প্রশ্ন উঠেছে।
এলাহাবাদ হাই কোর্টের ক্ষেত্রেও একই ধরনের জালিয়াতির অভিযোগ সামনে এসেছে। রয়টার্সের রিপোর্ট প্রকাশ্যে আসার পর আদালত কর্তৃপক্ষের তরফে থানায় জালিয়াতি ও প্রতারণার অভিযোগ দায়ের করা হয়েছে। উত্তরপ্রদেশের সাইবার অপরাধ বিভাগের এক সিনিয়র আধিকারিকও জানিয়েছেন, সংশ্লিষ্ট নথিটি জাল এবং সেটি এলাহাবাদ হাই কোর্টের আসল নির্দেশ নয়। এফআইআরের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
রিপোর্টে আরও বলা হয়েছে, গত ১৯ জুলাই টেলিকম দপ্তরে একটি ইমেল পাঠানো হয়েছিল। সেই ইমেলের সঙ্গে রাজস্থান হাই কোর্টের একটি নির্দেশের কপি যুক্ত ছিল। সেখানে আর্যন চৌধুরী নামে এক আইনজীবীর স্বাক্ষর ছিল। নির্দিষ্ট কয়েকটি ওয়েবসাইট বন্ধ করার পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে নির্দেশ কার্যকর করার কথাও বলা হয়েছিল। কিন্তু যে ইমেল ঠিকানা থেকে বার্তাটি পাঠানো হয়েছিল, পরে সেই ঠিকানার কোনও অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। তা সত্ত্বেও ইমেল পাওয়ার মাত্র দু’দিনের মধ্যে ৩৪টি ওয়েবসাইট বন্ধের নির্দেশ জারি করে কেন্দ্র।
ওই নথিতে বিচারপতি গরিমা প্রসাদের নাম ও স্বাক্ষর ব্যবহার করা হয়েছিল। কিন্তু বিচারপতির দপ্তর স্পষ্ট জানিয়েছে, তিনি এমন কোনও নির্দেশ দেননি। অথচ সেই নথির ভিত্তিতেই ২ সেপ্টেম্বর আরও ৯৫টি বেটিং ওয়েবসাইট বন্ধের নির্দেশ জারি হয়।
এই ঘটনায় একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠতে শুরু করেছে। আদালতের নির্দেশ বলে দাবি করা কোনও নথি যাচাই না করেই কী ভাবে কেন্দ্রীয় দপ্তর এত বড় পদক্ষেপ করল? সরকারি নির্দেশ জারির আগে নথির সত্যতা পরীক্ষা করা হয়নি কেন? জাল নথি তৈরির পিছনে কারা রয়েছে, তাও এখনও স্পষ্ট নয়। এমনকি নথি তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করা হয়েছিল কি না, তা নিয়েও নিশ্চিত কোনও তথ্য সামনে আসেনি।
অন্যদিকে, এই গোটা ঘটনায় কেন্দ্রীয় টেলিকম দপ্তরের বক্তব্য এখনও জানা যায়নি। তদন্তের অগ্রগতির দিকে নজর রয়েছে। আদালতের নাম ও নথি ব্যবহার করে সরকারি সিদ্ধান্তকে প্রভাবিত করার অভিযোগ সামনে আসায় প্রশাসনিক স্বচ্ছতা এবং সরকারি দপ্তরের নথি যাচাইয়ের পদ্ধতি নিয়েও নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
