27 C
Kolkata
September 22, 2026
দেশ

টি-৭২, টি-৯০-এ দেশীয় এপিইউ

নয়াদিল্লি— ভারতীয় সেনার টি-৭২ এবং টি-৯০ ট্যাঙ্কে দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘অগ্‌জ়িলারি পাওয়ার ইউনিট’ বা এপিইউ বসাতে ৫৮৬ কোটি টাকার চুক্তি করল প্রতিরক্ষা মন্ত্রক। পুণের ‘অ্যাকিউরেট ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলস প্রাইভেট লিমিটেড’-এর সঙ্গে সোমবার এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রতিরক্ষা সচিব রাজেশকুমার সিংহের উপস্থিতিতে নয়াদিল্লিতে চুক্তিটি সই হয়।

এপিইউ হল ট্যাঙ্কের জন্য বিকল্প বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। মূল ইঞ্জিন চালু না রেখেও এর সাহায্যে ট্যাঙ্কের ফায়ার কন্ট্রোল সিস্টেম, ফায়ারিং সার্কিট, গান স্টেবিলাইজ়েশন সিস্টেম-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করা যায়। ফলে ট্যাঙ্ক কোনও নির্দিষ্ট জায়গায় অবস্থান করার সময় শুধুমাত্র ওই ব্যবস্থাগুলি সচল রাখার জন্য মূল ইঞ্জিন দীর্ঘ সময় চালু রাখার প্রয়োজন কমে।

সামরিক ব্যবহারের ক্ষেত্রে এর ফলে জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি মূল ইঞ্জিনের উপর চাপ ও ক্ষয়ও কমানো সম্ভব। দীর্ঘ সময় অবস্থানরত ট্যাঙ্কের ক্ষেত্রে ইঞ্জিন বন্ধ রেখে প্রয়োজনীয় বৈদ্যুতিক ব্যবস্থা চালু রাখার সুবিধা থাকায় ট্যাঙ্কের পরিচালন সক্ষমতা ও নির্ভরযোগ্যতা বাড়বে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।


প্রতিরক্ষা মন্ত্রকের বক্তব্য, দেশীয় ভাবে তৈরি এই এপিইউ ভারতীয় সেনার সাঁজোয়া বাহিনীর প্রস্তুতি, নির্ভরযোগ্যতা এবং দীর্ঘমেয়াদি কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করবে। টি-৭২ এবং টি-৯০ ট্যাঙ্কের জন্য এই ব্যবস্থা সরবরাহের চুক্তিকে সাঁজোয়া যানের গুরুত্বপূর্ণ উপ-ব্যবস্থাগুলির দেশীয়করণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবেও দেখা হচ্ছে।

এই প্রকল্পটি ‘মেক-২’ ব্যবস্থার আওতায় শিল্পনির্ভর গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তৈরি দেশীয় প্রযুক্তিকে উৎপাদন ও সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়ার উদাহরণ বলে জানিয়েছে মন্ত্রক। প্রতিরক্ষা সরঞ্জামের গুরুত্বপূর্ণ উপাদানের ক্ষেত্রে বিদেশি নির্ভরতা কমিয়ে দেশীয় সংস্থার অংশগ্রহণ বাড়ানোই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, এই চুক্তি প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। দেশীয় প্রযুক্তিতে তৈরি এপিইউ টি-৭২ ও টি-৯০ ট্যাঙ্কের মতো গুরুত্বপূর্ণ সাঁজোয়া প্ল্যাটফর্মে যুক্ত হলে ভারতীয় সেনার যান্ত্রিক বাহিনীর কার্যক্ষমতা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

Related posts

Leave a Comment