November 16, 2026
দেশ বিদেশ

খসড়া তালিকা থেকে বাদ? ফের ফর্ম জমার সুযোগ

নয়াদিল্লি— ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় খসড়া তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের জন্য বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। এনুমারেশন ফর্ম জমা না দেওয়ার কারণে যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরা ফের ফর্ম জমা দেওয়ার সুযোগ পাবেন। শনিবার সুপ্রিম কোর্টে যৌথ হলফনামা দিয়ে এই কথা জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সাঁধু ও বিবেক জোশী। তবে বর্তমানে যে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর চলছে, সেখানকার ভোটাররাই এই সুবিধা পাবেন।



গত ২৮ অক্টোবর দিল্লির এসআইআর সংক্রান্ত একটি মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে খসড়া তালিকা থেকে বাদ পড়া ভোটারদের কাছে পৌঁছনোর উপায় খুঁজতে বলেছিল। বিশেষ করে যাঁরা অনুপস্থিত ছিলেন কিংবা অন্যত্র স্থানান্তরিত হওয়ার কারণে এনুমারেশন ফর্ম জমা দিতে পারেননি, তাঁদের কীভাবে ফের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যায়, তা নিয়ে কমিশনের কাছে জানতে চেয়েছিল শীর্ষ আদালত।

এরপর গত ৬ নভেম্বর এসআইআর চলা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকদের চিঠি পাঠায় নির্বাচন কমিশন। সেখানে জানানো হয়, খসড়া তালিকা থেকে বাদ পড়া ভোটারেরা সংশ্লিষ্ট নির্বাচনী নিবন্ধন আধিকারিক অথবা সহকারী নির্বাচনী নিবন্ধন আধিকারিকের কাছে এনুমারেশন ফর্ম জমা দিতে পারবেন। ভোটার নিজে গিয়ে, পরিবারের সদস্যের মাধ্যমে অথবা বুথ লেভেল অফিসারের কাছে ফর্ম জমা দিতে পারবেন। পাশাপাশি অনলাইনেও ফর্ম জমা দেওয়ার ব্যবস্থা থাকছে।

সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় কমিশন আরও জানিয়েছে, বাদ পড়া ভোটারেরা এনুমারেশন ফর্মে তাঁদের বর্তমান ঠিকানা উল্লেখ করতে পারবেন। যাঁদের ঠিকানার কোনও পরিবর্তন হয়নি, তাঁদের ফর্মের সঙ্গে অতিরিক্ত একটি বিবৃতি বা অ্যানেক্সচার-বি জমা দিতে হবে। সেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে কেন এনুমারেশন ফর্ম জমা দেওয়া সম্ভব হয়নি, তার কারণ জানাতে হবে।

অন্যদিকে, একই রাজ্যের মধ্যে যাঁরা অন্য এলাকায় স্থানান্তরিত হয়েছেন, তাঁদের ক্ষেত্রে ফর্ম-৮ জমা দেওয়ার প্রয়োজন হবে না। তাঁদের এনুমারেশন ফর্মের সঙ্গে অ্যানেক্সচার-সি জমা দিতে হবে। সেখানে নতুন ঠিকানা এবং সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের নাম উল্লেখ করতে হবে। পাশাপাশি নতুন ঠিকানার প্রমাণপত্র-সহ প্রয়োজনীয় নথি জমা দিতে হবে সংশ্লিষ্ট নির্বাচনী নিবন্ধন আধিকারিক অথবা সহকারী আধিকারিকের কাছে।

কমিশনের বক্তব্য, খসড়া তালিকায় যাঁদের নাম নেই, তাঁদের নাম বাদ পড়ার সম্ভাব্য কারণ উল্লেখ করে পৃথক তালিকা প্রকাশ করা হবে। সেই তালিকা দেখে সংশ্লিষ্ট ভোটারেরা ফের এনুমারেশন ফর্ম জমা দিতে পারবেন। এরপর জমা পড়া নথি যাচাই করে নির্বাচনী নিবন্ধন আধিকারিক আইন মেনে যোগ্য ভোটারদের নাম পুনরায় তালিকাভুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

এদিকে, দিল্লি-সহ সাতটি রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন যাঁদের নাম ভুলবশত অনুপস্থিত, স্থানান্তরিত, দ্বৈত নাম অথবা মৃত ভোটারের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, তাঁদের জন্যও নিয়মে পরিবর্তন এনেছে কমিশন। এ ধরনের ভোটারদের নতুন করে নাম তোলার জন্য ফর্ম-৬ পূরণ করতে হবে না। এনুমারেশন ফর্ম জমা দিয়েই তাঁরা নিজেদের নাম অন্তর্ভুক্ত করার আবেদন জানাতে পারবেন। দিল্লিতে বাদ পড়া ভোটারদের কেন নতুন ভোটার হিসেবে ফর্ম-৬ পূরণ করতে বলা হচ্ছে, তা নিয়ে সুপ্রিম কোর্ট প্রশ্ন তোলার পরেই এই বিষয়ে কমিশন অবস্থান স্পষ্ট করে।

উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে ইতিমধ্যেই জাতীয় রাজনীতিতে বিতর্ক তৈরি হয়েছে। ভোটার তালিকায় অসঙ্গতি এবং বিভিন্ন নির্বাচনে ভোটচুরির অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী দলগুলি। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগও দাবি করেছে বিরোধী শিবির। এই পরিস্থিতিতে খসড়া তালিকা থেকে বাদ পড়া ভোটারদের ফের নাম অন্তর্ভুক্তির সুযোগ দেওয়ার সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Related posts

Leave a Comment