November 15, 2026
দেশ বিদেশ

৫০ কোটি মানুষ দারিদ্রসীমার উপরে, দাবি মোদীর

গঢ়চিরৌলি— গত ১২-১৩ বছরে দেশের ৫০ কোটি মানুষকে চরম দারিদ্রসীমার উপরে তুলে আনা সম্ভব হয়েছে। পাশাপাশি মাওবাদী কার্যকলাপও নির্মূল করার পথে বড় সাফল্য এসেছে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় জনজাতি গৌরব দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে কেন্দ্রীয় সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রীর বক্তব্য, দারিদ্র দূরীকরণ এবং মাওবাদী হিংসা মোকাবিলায় এই সাফল্য বিশেষ করে আদিবাসী সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।

মহারাষ্ট্রের গঢ়চিরৌলিতে রবিবার বিরসা মুন্ডার জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী। বিশ্বব্যাঙ্কের রিপোর্টের উল্লেখ করে মোদী দাবি করেন, গত ১২-১৩ বছরে ভারতের অন্তত ৫০ কোটি মানুষ চরম দারিদ্রসীমার উপরে উঠে এসেছেন। স্বাধীনতার পর দেশের অন্যতম বড় সাফল্য বলে এই ঘটনাকে উল্লেখ করেন তিনি। তবে এই সাফল্যের কৃতিত্ব শুধু একটি সরকারের নয় বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, কেন্দ্রের জনকল্যাণমূলক নীতি এবং বিভিন্ন পক্ষের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই পরিবর্তন সম্ভব হয়েছে।


আদিবাসী সমাজের উন্নয়নে কেন্দ্রের একাধিক প্রকল্পের কথাও তুলে ধরেন মোদী। প্রধানমন্ত্রী জনমন যোজনা এবং ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের জন্য এক লক্ষ কোটি টাকা বরাদ্দের কথা জানান তিনি। পাশাপাশি দরিদ্র পরিবারগুলির জন্য চার কোটি বাড়ি নির্মাণ, ১৮ হাজার গ্রামে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়া এবং আয়ুষ্মান ভারত প্রকল্পে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

মাওবাদী কার্যকলাপ দমনের ক্ষেত্রেও সরকারের পদক্ষেপের কথা তুলে ধরেন মোদী। তাঁর বক্তব্য, নকশাল হিংসার সবচেয়ে বেশি শিকার হয়েছেন আদিবাসীরা। ২০১৪ সালে দেশের অন্তত ১২৫টি এলাকায় মাওবাদী কার্যকলাপের প্রভাব ছিল। নিয়মিত হিংসার ঘটনা ঘটত, প্রাণ হারাতেন বহু সাধারণ মানুষ। প্রধানমন্ত্রীর অভিযোগ, অতীতে আদিবাসীদের উন্নয়নে যথেষ্ট পদক্ষেপ করা হয়নি। মাওবাদীরা তাঁদের অধিকার, শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ থেকেও বঞ্চিত করেছে। বর্তমানে মাওবাদী কার্যকলাপের অবসানের ফলে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ শিক্ষা ও চাকরির সুযোগ পাচ্ছেন বলেও দাবি করেছেন তিনি।

উল্লেখ্য, ২০২১ সাল থেকে ১৫ নভেম্বর বিরসা মুন্ডার জন্মদিনটি জাতীয় জনজাতি গৌরব দিবস হিসেবে পালন করা হচ্ছে। গত বছর তাঁর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে দু’লক্ষেরও বেশি কর্মসূচির আয়োজন করা হয়েছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। আদিবাসী সমাজের উন্নয়নে ১৭০টির বেশি প্রকল্পের ঘোষণা এবং ৭০টিরও বেশি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। সেই সময় প্রায় ৩০ হাজার কোটি টাকা বরাদ্দের কথাও উল্লেখ করেন তিনি।

এদিনের অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস এবং রাজ্যপাল জিষ্ণু দেববর্মা। ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়েছিলেন উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দে। আদিবাসী সমাজের উন্নয়ন এবং প্রত্যন্ত এলাকার পরিকাঠামো শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের অগ্রগতিও তুলে ধরা হয় অনুষ্ঠানে।

Related posts

Leave a Comment