May 11, 2026
রাজ্য

শুভেন্দুর মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দপ্তর পেলেন সদ্য শপথ নেওয়া দিলীপ-সহ পাঁচ মন্ত্রী

কলকাতা— পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার (BJP Government) গঠনের পর শুরু হল মন্ত্রিসভার দপ্তর বণ্টন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সোমবার তাঁর মন্ত্রিসভার সদস্যদের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব ভাগ করে দেন। বিগ্রেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)-র উপস্থিতিতে শপথ নেওয়ার পর থেকেই কোন মন্ত্রী কোন দায়িত্ব পাবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছিল।

নতুন তালিকা অনুযায়ী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)-কে উত্তরবঙ্গ উন্নয়ন, ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের রাজনৈতিক সমীকরণে এই দপ্তরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

দিলীপ ঘোষ (Dilip Ghosh)-এর হাতে তুলে দেওয়া হয়েছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। পাশাপাশি প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের দায়িত্বও সামলাবেন তিনি। গ্রামীণ প্রশাসন এবং পঞ্চায়েত ব্যবস্থার উপর নজর রাখবেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি।

অশোক কীর্তনীয়া (Ashok Kirtaniya) হয়েছেন রাজ্যের নতুন খাদ্যমন্ত্রী। রেশন ব্যবস্থা ও খাদ্য সরবরাহের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব এখন তাঁর কাঁধে।

অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)-কে নারী ও শিশু কল্যাণ দপ্তরের পাশাপাশি পুর বিষয়ক দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। মহিলা উন্নয়ন, শিশু সুরক্ষা এবং শহুরে প্রশাসনের ক্ষেত্রে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে।

অন্যদিকে ক্ষুদিরাম টুডু (Khudiram Tudu)-র হাতে দেওয়া হয়েছে আদিবাসী উন্নয়ন এবং পর্যটন দপ্তর। জঙ্গলমহল ও আদিবাসী অধ্যুষিত এলাকার উন্নয়ন এবং পর্যটন শিল্পের প্রসারে তাঁর উপর বড় দায়িত্ব পড়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন সরকার সংগঠন এবং প্রশাসনের মধ্যে ভারসাম্য বজায় রেখেই দপ্তর বণ্টন করেছে। এখন দেখার, নতুন মন্ত্রীরা নিজেদের দায়িত্ব কত দ্রুত বাস্তবায়ন করতে পারেন।

Related posts

Leave a Comment