27.1 C
Kolkata
July 6, 2026
রাজ্য

বারুইপুর কাণ্ডে অশান্তির নেপথ্যেও কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী

দোষীদের মৃত্যুদণ্ডের আশ্বাস

কলকাতা, ৭ জুলাই— দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে নাবালিকার হত্যা মামলায় দোষীদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে ঘটনার পর এলাকায় গণপিটুনি, রেল অবরোধ, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপর হামলার মতো ঘটনাগুলির পিছনে পরিকল্পিত চক্রান্তের ইঙ্গিত দিয়ে দায়ীদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছেন তিনি।

সোমবার কলকাতার মিত্র ইনস্টিটিউশনে ভারতকেশরী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, নাবালিকার হত্যা মামলার মূল অভিযুক্তদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আবেদন করা হবে। তাঁর কথায়, এই জঘন্য অপরাধের বিচার দ্রুত এবং দৃষ্টান্তমূলক হওয়া প্রয়োজন।

মুখ্যমন্ত্রী জানান, ঘটনার পর তিনি নিহত নাবালিকার বাবার সঙ্গে ফোনে কথা বলেছেন। মঙ্গলবার তাঁকে ভবানী ভবনে ডাকা হয়েছে। পরিবারের প্রতি সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, নির্যাতিতার পরিবার সরকারের কাছে যে সাহায্য চেয়েছে, তা নিশ্চিত করা হবে। পরিবারের ন্যায়বিচারের দাবিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

তদন্তের অগ্রগতি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। আইজির নেতৃত্বে পুলিশ এবং বিশেষ বাহিনী যৌথভাবে তদন্ত চালাচ্ছে। তিনি বলেন, তদন্তের স্বার্থে এই মুহূর্তে সব তথ্য প্রকাশ করা সম্ভব নয়। সমস্ত প্রমাণ সংগ্রহের পরই পরবর্তী পদক্ষেপ করা হবে।

মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে চার জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এখনও পর্যন্ত তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে আরও কয়েক জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে।

বারুইপুরের ঘটনাকে কেন্দ্র করে এখন পর্যন্ত চারটি পৃথক মামলা রুজু হয়েছে বলেও জানান তিনি। নাবালিকার হত্যা মামলার পাশাপাশি গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা এবং রেল অবরোধ ও সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগেও পৃথক মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার পর যে অশান্তি ছড়িয়েছে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক শক্তি পরিস্থিতিকে অস্থির করার চেষ্টা করেছে। তবে তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে চাননি তিনি। তাঁর দাবি, আইন নিজের পথে চলবে এবং যারা আইন হাতে তুলে নিয়েছে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রেললাইন অবরোধ, সরকারি সম্পত্তি ভাঙচুর এবং নিরাপত্তা বাহিনীর উপর হামলার প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি জানান, হামলায় কেন্দ্রীয় বাহিনীর দুই জওয়ান আহত হয়েছেন এবং পুলিশের একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ঘটনারও পৃথক তদন্ত চলছে।

মুখ্যমন্ত্রী বলেন, বারুইপুরের ঘটনায় মূল অপরাধীদের যেমন আইনের সর্বোচ্চ শাস্তির মুখোমুখি করা হবে, তেমনই আইনশৃঙ্খলা নষ্টের চেষ্টা করা ব্যক্তিদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সরকার ন্যায়বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর বলেও তিনি জানান।

Related posts

Leave a Comment