November 19, 2026
দেশ বিদেশ

বাংলাদেশে ছড়াচ্ছে হিংসা

ঢাকা— বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে। বিক্ষোভ, সংঘর্ষ, অগ্নিসংযোগ এবং হামলার ঘটনা অব্যাহত রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। সোমবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শুরু হওয়া অশান্তির রেশ বৃহস্পতিবার ছড়িয়ে পড়েছে দেশের অন্তত ১৮টি জেলায়। ৬৪টি জেলার মধ্যে একাধিক জায়গায় নতুন করে হিংসার ঘটনায় উদ্বেগ বেড়েছে প্রশাসনের। হামলা থেকে বাদ যাচ্ছেন না রাজনৈতিক নেতা থেকে শুরু করে প্রাক্তন প্রশাসনিক কর্তারাও। বুধবার গভীর রাতে চট্টগ্রামে আগুন ধরিয়ে দেওয়া হয় বাংলাদেশের প্রাক্তন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে। বৃহস্পতিবার সকালে সেখানে বিএনপির এক সংসদ সদস্যের বাড়িতেও হামলার চেষ্টা হয়েছে বলে অভিযোগ। অন্য দিকে, গোপালগঞ্জে বিএনপি সাংসদ সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা।


বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ চট্টগ্রামের পাঁচলাইশ এলাকার তিনতলা বাড়িটির নীচের তলার একটি ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। সেই সময় এলাকায় টহল দিচ্ছিল পুলিশ। আগুন দেখতে পেয়েই দ্রুত বাড়ির ভিতরে ঢুকে তা নিয়ন্ত্রণে আনা হয়। তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, ইউনূসের পৈতৃক বাড়ির নীচের তলায় কেউ বসবাস করেন না। বাড়িটির দ্বিতীয় ও তৃতীয় তলায় থাকেন তাঁর দুই ভাইয়ের পরিবার। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোজাম্মেল হক জানিয়েছেন, হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে জল্পনা এবং রাজনৈতিক উত্তেজনার মধ্যেই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের কার্যকলাপ ঘিরে বিএনপি সরকারের সঙ্গে রাজনৈতিক সংঘাত বাড়ছে। একই সঙ্গে বকেয়া বেতন-সহ বিভিন্ন দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভও অব্যাহত। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের অভিযোগ, শ্রমিকদের আন্দোলনের পিছনে আওয়ামী লীগের শ্রমিক সংগঠনের মদত রয়েছে।

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যকলাপ বন্ধের দাবিতে ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচি শুরু করেছে বিএনপি। বুধবার নড়াইলে এমনই একটি বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বিএনপি কর্মী ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। সেই সংঘর্ষে তিন বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে বলে খবর। পাশাপাশি একটি বাসে আগুন লাগানোর ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে চালকের।

রাজধানী ঢাকাতেও ধরপাকড় অভিযান চালাচ্ছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার বিভিন্ন শাখা সংগঠনের ৭১ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ সরকারের প্রাক্তন মন্ত্রী নজরুল ইসলাম হিরু। পুলিশের দাবি, ঢাকা ছাড়াও গোপালগঞ্জ, নড়াইল ও চট্টগ্রামে হিংসার ঘটনা ঘটেছে। পাশাপাশি নারায়ণগঞ্জ, মেহেরপুর, পিরোজপুর, নেত্রকোনা, সিলেট, রংপুর, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, হবিগঞ্জ, ফরিদপুর, গাজীপুর, বরিশাল এবং নওগাঁ থেকেও অশান্তির খবর এসেছে।

এই পরিস্থিতিতে রাজনৈতিক সংঘাত থামাতে আলোচনার পথে হাঁটার পরামর্শ দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির তথা বাংলাদেশের জাতীয় সংসদের বিরোধী দলনেতা শফিকুর রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন তিনি। লাগাতার হিংসা ও পালটা হামলার আবহে তাঁর এই পরামর্শ কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর বাংলাদেশের রাজনৈতিক মহলের।

Related posts

Leave a Comment