31 C
Kolkata
June 13, 2026
দেশ

অমিত শাহকে কুরুচিকর আক্রমণের অভিযোগে কল্যাণের বিরুদ্ধে থানায় বিজেপি, গ্রেফতারির দাবি

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কুরুচিকর ভাষায় আক্রমণ করার অভিযোগে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। অভিযোগকারীদের দাবি, সাংসদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিয়ে তাঁকে গ্রেফতার করতে হবে।

বিজেপির অভিযোগ, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে অমিত শাহকে ‘গুন্ডা’, ‘জল্লাদ’, ‘কাপুরুষ’ এবং ‘কমপ্লিটলি ডার্টি ম্যান’ বলে আক্রমণ করেছিলেন। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত বলেও মন্তব্য করেছিলেন বলে অভিযোগ।

অভিযোগকারী ভাস্কর ঘোষের দাবি, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের মন্তব্য শাস্তিযোগ্য অপরাধ। শুধু অমিত শাহ নন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও তাঁর পরিবারকেও বিভিন্ন সময়ে কটূক্তি করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

বিজেপির আরও অভিযোগ, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় এবং তার পরবর্তী সময়ে উস্কানিমূলক মন্তব্য করে অশান্তির পরিবেশ তৈরিতে ভূমিকা নিয়েছিলেন শ্রীরামপুরের সাংসদ। সেই বিষয়গুলিও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

শ্রীরামপুর থানায় অভিযোগ জমা দেওয়ার পর পুলিশ অভিযোগ গ্রহণ করেছে এবং বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন অভিযোগকারী। এর আগে শুক্রবার রিষড়া থানাতেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ দায়ের হয়েছিল।

এদিকে শনিবার বিকেলে শ্রীরামপুরের বটতলা এলাকায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল দাহ করে বিজেপি কর্মী-সমর্থকেরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও তাঁর পরিবারকে নিয়ে করা মন্তব্যের প্রতিবাদেই এই কর্মসূচি বলে দাবি বিজেপির।

Related posts

Leave a Comment