28 C
Kolkata
July 9, 2026
রাজ্য

সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইকের বিজেপিতে যোগদান

নিজস্ব চিত্র

‘জনতার সরকার গড়ার’ বার্তা শমীক ভট্টাচার্যের

সংবাদ কলকাতা: রাজ্য বিজেপির সল্টলেক দপ্তরে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন তিন বরিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব। রাজ্য বিজেপি সভাপতি ও রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের উপস্থিতিতে প্রাক্তন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়, প্রাক্তন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক দলীয় পতাকা হাতে তুলে বিজেপিতে যোগ দেন।

যোগদান অনুষ্ঠানের পরে সাংবাদিক বৈঠকে শমীক ভট্টাচার্য বলেন, পশ্চিমবঙ্গে ড. শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে অনুপ্রাণিত সরকার প্রতিষ্ঠিত হওয়া বিজেপি কর্মীদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল। তাঁর দাবি, মানুষের আশীর্বাদে রাজ্যে বিজেপি সরকার গঠিত হয়েছে এবং এখন দলের মূল লক্ষ্য পশ্চিমবঙ্গের মানুষের সরকার হিসেবে কাজ করা।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে দলকেন্দ্রিক রাজনীতি হয়েছে। বিজেপির লক্ষ্য কোনও দলের স্বার্থ নয়, রাজ্যের সর্বস্তরের মানুষের উন্নয়ন নিশ্চিত করা। পাহাড় থেকে সমুদ্র, প্রাকৃতিক সম্পদ, কৃষি, শিল্প, মানবসম্পদ এবং ভৌগোলিক অবস্থানের মতো নানা সম্ভাবনা থাকা সত্ত্বেও পূর্ববর্তী সরকারের ভুল নীতির কারণে রাজ্য পিছিয়ে পড়েছিল বলেও দাবি করেন তিনি।

শমীক ভট্টাচার্যের বক্তব্য, কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গকে দ্রুত উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তাঁর মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ যেমন উন্নয়নের নতুন দিশা দেখেছে, তেমনই রাজ্যেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।

তিনি আরও বলেন, সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকের মতো অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বদের বিজেপিতে যোগদান প্রমাণ করে, দলের প্রতি মানুষের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে। তাঁদের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা রাজ্যের উন্নয়নের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও আশা প্রকাশ করেন রাজ্য সভাপতি।

অনুষ্ঠানের শেষে তিন নেতার হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাঁদের আনুষ্ঠানিকভাবে বিজেপিতে স্বাগত জানানো হয়।

Related posts

Leave a Comment