সংবাদ কলকাতা: একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের প্যানেলে পছন্দের প্রার্থীদের নাম ঢোকানোর জন্য চাপ! এমনকি গ্রুপ-ডি পদেও কয়েক জনকে চাকরি পাইয়ে দেওয়ার সুপারিশ। স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) সচিব অরুণ রায়ের কাছে মন্ত্রীর নাম করে এমনই প্রস্তাব এসেছিল বলে অভিযোগ। ঘটনায় ইতিমধ্যেই জুলফিকর আলি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবার গোটা ঘটনার তদন্তভার হাতে নিল রাজ্য পুলিশের সিআইডি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই অচেনা নম্বর থেকে ফোন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এসএসসি সচিবের সঙ্গে যোগাযোগ করা হচ্ছিল। অভিযুক্ত ব্যক্তি নিজেকে মন্ত্রী ক্ষুদিরাম টুডুর ঘনিষ্ঠ বলে পরিচয় দেন। তাঁর দাবি ছিল, রাজ্যের আদিবাসী উন্নয়ন ও সংখ্যালঘু বিষয়ক দপ্তরের মন্ত্রীর নির্দেশেই একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের প্যানেলে কয়েক জন পছন্দের প্রার্থীর নাম রাখতে হবে। পাশাপাশি গ্রুপ-ডি পদেও কয়েক জনের চাকরির ব্যবস্থা করার কথা বলা হয়।
অভিযোগ, এসএসসি সচিব সেই প্রস্তাবে রাজি না হওয়া সত্ত্বেও তাঁকে দু’জনের নাম পাঠানো হয়। ওই প্রার্থীদের চাকরির ব্যবস্থা করে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় আর ঝুঁকি না নিয়ে সরাসরি বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের করেন অরুণ রায়।
সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে জুলফিকর আলি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার তাঁকে আদালতে পেশ করা হলে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। তবে এই ঘটনার পিছনে আর কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গোটা চক্রের সন্ধান পেতেই এবার তদন্তের দায়িত্ব নিয়েছে সিআইডি। শনিবার থেকেই তদন্ত শুরু করেছে তারা। এ নিয়ে সাংবাদিক বৈঠকেও তদন্তভার গ্রহণের কথা জানানো হয়েছে।

ঘটনায় নিজের নাম জড়ানো নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু। তাঁর বক্তব্য, ‘যে বা যারা আমার নাম ব্যবহার করে এমন গর্হিত কাজ করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। পুলিশ-প্রশাসনের কাছে আমার আবেদন, দোষীদের যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয়।’ অন্য দিকে, এসএসসি সচিব অরুণ রায়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি।
উল্লেখ্য, এর আগেও মন্ত্রী ক্ষুদিরাম টুডুর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ উঠেছিল। গত আগস্ট মাসে বাঁকুড়ার রানিবাঁধের বিধায়ক পুলিশের দ্বারস্থ হয়ে জানিয়েছিলেন, তাঁর হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা চেয়ে বার্তা পাঠানো হচ্ছে। সেই ঘটনার কয়েক মাসের মধ্যেই ফের তাঁর নাম ব্যবহার করে চাকরির সুপারিশের অভিযোগ সামনে এল। তবে আগের হ্যাকিংয়ের ঘটনার সঙ্গে বর্তমান মামলার কোনও যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।
এসএসসি নিয়োগে প্রভাব খাটানোর অভিযোগে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আর কারা এই ঘটনায় যুক্ত, তা জানার চেষ্টা করছে সিআইডি। মন্ত্রীর নাম ব্যবহার করে চাকরির সুপারিশের অভিযোগের পিছনে কোনও বড় চক্র রয়েছে কি না, তদন্তে এখন সেটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন।
