May 3, 2026
রাজ্য

২০২৬ বিধানসভা নির্বাচন ঘিরে নানা মুনির নানা জনমতে হাওয়ায় বদলের ইঙ্গিত

প্রতিনিধিত্বমূলক চিত্র

সংবাদ কলকাতা: রাজ্যের ২০২৬ সালের বিধানসভা নির্বাচন ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। গ্রাম থেকে শহর— সর্বত্রই ভোটের ফলাফল নিয়ে নানা মত, নানা বিশ্লেষণ সামনে আসছে। সাধারণ মানুষের কথাবার্তা, চায়ের আড্ডা থেকে রাজনৈতিক সমীক্ষা— সব জায়গাতেই উঠে আসছে পরিবর্তনের সম্ভাবনা নিয়ে জোর জল্পনা।

রাজ্যের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া বা এসআইআর নিয়ে একাংশের মধ্যে ক্ষোভ বাড়ছে বলে দাবি রাজনৈতিক বিশ্লেষকদের। অনেকের মতে, এই প্রক্রিয়ায় নাম বাদ পড়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে এই বিষয়টি ভোটে প্রভাব ফেলতে পারে বলেই মত তাঁদের। অন্যদিকে আরেকটি অংশের দাবি, যাঁদের নাম বাদ গিয়েছে তাঁদের পরিবার-পরিজনের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে, যা ভোটে প্রতিফলিত হতে পারে।

তবে শুধু ভোটার তালিকা নয়, রাজ্যজুড়ে সরকার বিরোধী একাধিক ইস্যু সামনে আসছে। চাকরির ক্ষেত্রে দুর্নীতি, নিয়োগে অনিয়ম, আর্থিক তছরুপ— এই সমস্ত অভিযোগ দীর্ঘদিন ধরেই মানুষের আলোচনায় রয়েছে। বিভিন্ন মামলায় একাধিক নেতা-মন্ত্রীর নাম জড়ানোয় সাধারণ মানুষের মধ্যে বিরক্তি তৈরি হয়েছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। পাশাপাশি রেশন ব্যবস্থা নিয়ে অনিয়ম, স্থানীয় স্তরে তোলাবাজির অভিযোগ, জমি ও বালি নিয়ে অসন্তোষ— এই সব বিষয়ও ভোটের আগে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

গ্রামবাংলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যাচ্ছে, কর্মসংস্থানের অভাব এবং বেকার সমস্যা নিয়ে ক্ষোভ বাড়ছে। বহু শিক্ষিত যুবক-যুবতী কাজ না পাওয়ায় হতাশ। সেই সঙ্গে পঞ্চায়েত নির্বাচন ঘিরে অতীতে হওয়া অশান্তির ঘটনাও মানুষের মনে এখনও তাজা রয়েছে। ফলে সামগ্রিকভাবে একটি বিরোধী মনোভাব তৈরি হচ্ছে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, শাসক দলের পক্ষ থেকে উন্নয়নমূলক প্রকল্প এবং সামাজিক ভাতা চালু রাখার উপর জোর দেওয়া হচ্ছে। বিশেষ করে মহিলাদের জন্য চালু হওয়া ভাতা প্রকল্পকে বড় হাতিয়ার হিসেবে দেখা হচ্ছে। তবে বিরোধী শিবির এই ভাতার পরিমাণ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে পাল্টা লড়াইয়ের কৌশল নিয়েছে। রাজনৈতিক মহলের মতে, ভাতার অঙ্ক বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে এবং তার প্রভাব ভোটে পড়তে পারে।

গ্রামাঞ্চলের কিছু এলাকায় দেখা যাচ্ছে, পূর্বে নির্দিষ্ট রাজনৈতিক অবস্থানে থাকা ভোটারদের মধ্যেও পরিবর্তনের ইঙ্গিত মিলছে। এমনকি সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যেও নতুন করে ভাবনার পরিবর্তন ঘটছে বলে বিভিন্ন সমীক্ষায় উঠে এসেছে। দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ বদলাতে পারে— এমন সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা।

সব মিলিয়ে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যে এক অনিশ্চিত কিন্তু উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে। শেষ পর্যন্ত জনমতের রায় কোন দিকে যায়, তা জানতে এখনই অপেক্ষা রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের।

Related posts

Leave a Comment