সংবাদ কলকাতা: দক্ষিণ ২৪ পরগনা জেলার দুই বিধানসভা কেন্দ্রে মোট ১৫টি বুথে পুনর্নির্বাচনের ঘোষণা করল নির্বাচন কমিশন। শনিবার সকাল ৭টা থেকে শুরু হবে ভোটগ্রহণ, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
কমিশনের নির্দেশ অনুযায়ী মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ১১টি বুথ এবং ডায়মন্ড হারবারের ৪টি বুথে পুনর্নির্বাচন হবে। ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
তবে ফলতা বিধানসভা কেন্দ্রের কোনও বুথে পুনর্নির্বাচন হবে কি না, তা এখনও স্পষ্ট করেনি কমিশন। ফলে সেই কেন্দ্র ঘিরে জল্পনা অব্যাহত রয়েছে। গত বুধবার দ্বিতীয় দফার ভোটগ্রহণ হয়েছিল রাজ্যের ১৪২টি কেন্দ্রে। ওই দিন ডায়মন্ড হারবার ও মগরাহাট পশ্চিমেও ভোট হয়। কিন্তু ভোটগ্রহণ পর্বে একাধিক অভিযোগ ওঠায় কয়েকজন প্রার্থী পুনর্নির্বাচনের দাবি জানান।
কমিশন সূত্রে জানা গিয়েছে, সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখে স্ক্রুটিনি করা হয়। এই দায়িত্ব দেওয়া হয়েছিল বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে। তাঁর রিপোর্টের ভিত্তিতেই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্রের খবর, সুব্রতের রিপোর্টে ফলতার প্রায় ৩০টি বুথে পুনর্নির্বাচনের সুপারিশ করা হয়েছিল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও একই দাবি তুলেছেন। তাঁর বক্তব্য, ডায়মন্ড হারবারে আরও বেশি বুথে সমস্যা ছিল।
প্রসঙ্গত, ফলতা কেন্দ্রকে ঘিরে একাধিক বিতর্ক সামনে এসেছে। ইভিএমে টেপ লাগানো, নজরদারি ক্যামেরা বন্ধ থাকা-সহ নানা অভিযোগ ওঠে। এই ঘটনাগুলি কমিশনের নজরে আসার পরই তদন্ত শুরু হয়।
বর্তমানে কমিশন আপাতত ১৫টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। তদন্তের অগ্রগতির উপর ভিত্তি করে ভবিষ্যতে আরও সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।
